করোনার প্রাদুর্ভাব প্রতিরোধের কারণে সরকার ঘোষিত ছুটিকালীন সময়েও রোগীদের সুবিধার্থে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সব বহির্বিভাগের কার্যক্রম শুক্রবার ব্যতীত প্রতিদিন সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত চালু থাকবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার নির্দেশে বিশেষ ব্যবস্থাপনায় বেতার ভবনের নিচ তলায় স্থাপিত ফিভার ক্লিনিকে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত রোগীরা উল্লেখিত সময়ে চিকিত্সাসেবা নিতে পারবেন।
এদিকে গতকাল বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়ার সভাপতিত্বে তার কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে একটি সংক্ষিপ্ত ও অত্যন্ত গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মুহাম্মদ রফিকুল আলম, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমানসহ ডিনবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় করোনার প্রাদুর্ভাব মোকাবিলা, সরকার ঘোষিত ছুটিকালীন সময়ে চিকিত্সা কার্যক্রম স্বাভাবিক রাখাসহ আরো জোরদার করা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এদিকে জ্বর সর্দি হাঁচি কাশির রোগীদের জন্য পৃথক স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে পরিচালিত বেতার ভবনের নিচ তলায় স্থাপিত ফিভার ক্লিনিকে গতকাল ৭০ জন রোগী চিকিত্সাসেবা নিয়েছেন। এর মধ্যে ৯ জনকে করোনা ভাইরাস টেস্টের জন্য একই ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত করোনা ভাইরাস ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের করোনা ভাইরাস ল্যাবরেটরিতে গতকাল মোট ১৮ জন রোগীর স্যাম্পল পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৯ জন ফিভার ক্লিনিকে আসা রোগী এবং অন্য ৯ রোগীর স্যাম্পল বিভিন্ন হাসপাতাল/প্রতিষ্ঠান থেকে পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফল আইইডিসিআর কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হবে।
বহির্বিভাগের চিকিত্সাসেবা প্রদানের পাশাপাশি দূর-দূরান্তের রোগীদের জন্য হেল্প লাইন চালু রয়েছে। রোগীরা জরুরি প্রয়োজনে নিম্নে উল্লেখিত বিভাগসমূহে বর্ণিত মোবাইল নম্বরে কল করে সকাল ৮টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত এই চিকিত্সাসেবা নিতে পারবেন। বিভাগ ও মোবাইল নম্বরসমূহ হলো—মেডিসিন বিভাগ-০১৪০৬-৪২৬৪৩৭, ০১৪০৬-৪২৬৪৩৮, সার্জারি বিভাগ—০১৪০৬-৪২৬৪৩৯, নাক, কান, গলা বিভাগ-০১৪০৬-৪২৬৪৪০, বক্ষব্যাধি—০১৪০৬-৪২৬৪৪১, অবস অ্যান্ড গাইনি—০১৪০৬-৪২৬৪৪২, শিশু বিভাগ—০১৯৮৪-৫১৯৫২৫, ০১৯৫১-৮২০৮৪৩। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের জরুরি বিভাগসমূহের কার্যক্রম অব্যাহত রয়েছে। নিউরোসার্জারি বিভাগ, অর্থোপেডিক সার্জারি বিভাগ, কার্ডিওলজি বিভাগ, অবস অ্যান্ড গাইনি বিভাগ, নবজাতক বিভাগে বিদ্যমান জরুরি চিকিত্সাসেবা প্রদান অব্যাহত রয়েছে।
