রাঙ্গামাটির কাপ্তাইয়ের চিত্মরমে হেডম্যান পাড়ায় উসুইপ্রু মারমা ওরফে আচেসে (৩০) নামের এক যুবলীগ নেতাকে ঘর থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গত বুধবার দিনগত রাত ১২টার দিকে উপজেলার চিত্মরম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হেডম্যান পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত যুবলীগ নেতা ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতির দায়িত্ব পালন করছিলেন। তিনি ঐ এলাকার জিংহ্লা মারমার ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে একদল মুখোশ পরিহিত অস্ত্রধারী সন্ত্রাসী উসুইপ্রু-এর বাড়িতে প্রবেশ করে ঘর থেকে ডেকে নিয়ে গুলি চালিয়ে মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করে। এরপর ঘটনা চারদিক জানাজানি হলে ঘটনাস্থল থেকে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
জানা যায়, আচেসে এলাকার একজন নিরীহ, অসহায় লোক। এবার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে একটি ঘর তার নামে বরাদ্দ করা হয়েছে। ঘর বরাদ্দ হলেও আর সেই ঘরে তাকে প্রবেশ করার সৌভাগ্য হলো না। তার পূর্বেই একদল সন্ত্রাসীদের হাতে খুন হন তিনি। তবে কারা এই হত্যাকাণ্ডে সম্পৃক্ত কিংবা হত্যার কারণ কী সে সম্পর্কে কিছু জানা যায়নি। ঘটনাস্থলের চারদিক ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। পুরো এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে। চন্দ্রঘোনা থানা পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
কাপ্তাই চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ আশ্রাফ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রাতে লাশ উদ্ধার করা হয়েছে। তবে তদন্তের আগে কিছু বলা যাবে না। চিত্মরম ইউপি চেয়ারম্যান চিেথায়াই মারমা ঘটনার সত্যতা স্বীকার করেন, তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তিনি তা বলতে পারেননি।
