নওগাঁর আত্রাই ও পত্নীতলায় পুলিশের সঙ্গে পৃথক ‘বন্দুকযুদ্ধে’ দুই সন্ত্রাসী নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশের আট সদস্য আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। তারা ঐ দুই এলাকার হাসপাতালে চিকিত্সাধীন। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
নিহতরা হলেন—আত্রাই উপজেলার ভরতেতুঁঁলিয়া গ্রামের মিনহাজুল ইসলাম ওরফে মিন্টু ওরফে সিকদার (৩৬) এবং পত্নীতলা উপজেলার বালুখা এলাকার মৃত রফাত উল্লাহের ছেলে জাহিদুল ইসলাম (৩৮)। আত্রাইয়ের ঘটনাস্থল থেকে একটি পিস্তল, দুটি ম্যাগাজিন ও চারটি গুলি এবং পত্নীতলার ঘটনাস্থল থেকে একটি শুটারগান, গুলি, হাসুয়া ও ৯৮৫ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
নওগাঁর পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া জানান, নিহত দুই জনের মধ্যে মিনহাজুল ইসলাম শিকদার এক জন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে আত্রাই ও রাণীনগর থানায় চারটি হত্যা ও অস্ত্রসহ সন্ত্রাসী কর্মকাণ্ডে আটটি মামলা রয়েছে। অপরজন জাহিদুল ইসলামের বিরুদ্ধে পত্নীতলা, মহাদেবপুর ও সাপাহারে মাদকের ১২টি মামলাসহ সরকারি কাজে বাধা দেওয়ার আরো একাধিক মামলা রয়েছে।
