রংপুর হাসপাতাল থেকে ওষুধ পাচারের সময় নারী আটক

আপডেট : ০২ এপ্রিল ২০২০, ২২:২৭

রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ওষুধ পাচারের সময় পুলিশের হাতে আটক হয়েছেন এক নারী। তার কাছ থেকে দামি ইনজেকশনসহ বিভিন্ন ওষুধ উদ্ধার করা হয়েছে। হাসপাতালের কেউ বাদী না হওয়ায় সরকারি সম্পদ রক্ষায় পুলিশ নিজেই বাদী হয়ে মামলা করেছে। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে।

রংপুর কোতোয়ালি থানা সূত্রে জানা গেছে, রংপুর মহানগরীর ১৬ নম্বর ওয়ার্ডের কেল্লাবন্দের বাসিন্দা আবু বক্করের স্ত্রী মোছাম্মত শিরিন বেগমকে (২৮) রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের ৫ম তলার ১৮ নম্বর ওয়ার্ডের সামনে থেকে পলিব্যাগে করে চোরাই ওষুধ পাচার করার সময় আটক করে স্থানীয় নবাবগঞ্জ ফাঁড়ির পুলিশ। এ সময় তার কাছ থেকে ৯৮ পিস ইনজেকশন, ১০০ পিস সিরিঞ্জ, সাত পিস ক্যাথেটার এবং পাঁচ পিস ইউরিন ব্যাগ উদ্ধার করা হয়। এ ব্যাপারে জানতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের সুপারিনটেন্ডকে কয়েকবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

মামলার বাদী নবাবগঞ্জ ফাঁড়ির টিএসআই আব্দুস সবুর জানান, হাসপাতালের ১৭ নম্বর ওয়ার্ড ইনচার্জের কাছ থেকে দীর্ঘদিন যাবত্ সরকারি বিভিন্ন ধরনের ওষুধ নিয়ে বিভিন্ন ব্যক্তি নগরীর বিভিন্ন ফার্মাসিতে বিক্রি করে আসছেন। আটক শিরিন বেগমের স্বীকারোক্তি অনুযায়ী দুই জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি আরো জানান, বিষযটি রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালককে অবহিত করা হলেও তিনি মামলা করতে রাজি হননি।