দিনের আয়ের ওপর নির্ভরশীল মানুষগুলো করোনা ভাইরাসে বিপর্যস্ত। বাইরে যাওয়া বন্ধ, তাই কাজও বন্ধ। এই অবস্থায় পরিবার নিয়ে মহাসংকটে খেটে খাওয়া মানুষগুলো। এমন দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন কেন্দ্রীয় ১৪ দল। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কাকরাইল, রামপুরা, খিলগাঁও, বাড্ডা ও রমনা থানা এলাকায় ট্রাকে করে স্বাস্থ্যবিধি মেনে ১৪ দলের পক্ষে গণআজাদী লীগ অসহায় দুস্থ মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করে।
খাদ্যসামগ্রী বিতরণকালে গণআজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এস. কে. সিকদারের নেতৃত্বে অন্যান্যের মধ্যে দলের প্রথম যুগ্ম মহাসচিব মো. সরওয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রানা প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় এস কে শিকদার সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে আমরা জীবনের ঝুঁকি নিয়ে করোনা দুর্যোগ মোকাবিলায় অসহায় দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছি এবং এই বিতরণ অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, দেশের একটি মানুষ অনাহারে থাকবে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের খাদ্য সংকট নিরসনের জন্য সংশ্লিষ্ট দলের নেতাকর্মীদের মানুষের ঘরে ঘরে গিয়ে খোঁজ-খবর নেওয়ার এবং খাদ্যসামগ্রী পৌঁঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন। দেশে পর্যাপ্ত খাদ্যসামগ্রী রয়েছে। তাই জনগণের ভীতির কোনো কারণ নেই।
