ঢাকায় শিলাবৃষ্টি

আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ০০:১৮

ঢাকায় শিলাবৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার আগে রাজধানীর কিছু স্থানে এই শিলাবৃষ্টি হয়। এছাড়া বজ্রসহ দেশের কোথাও কোথাও দমকা হাওয়াসহ বৃষ্টি হয়েছে। আজও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদরা জানান, শিলাবৃষ্টির সময় পৃথিবীর দিকে বায়ুস্তরের তাপমাত্রা হিমাঙ্কের নিচে অর্থাত্ শূন্য ডিগ্রির নিচে নেমে আসে। ফলে আকাশে জমে থাকা মেঘ বরফে পরিণত হয়। আর সেই মেঘ থেকে শিলাবৃষ্টি ঝরে পড়ে। এসময় আকাশে বজ্র মেঘ তৈরি হয়। ফলে মেঘের ঘর্ষণজনিত কারণে বজ্রপাত হয়।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তত্সংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ শুক্রবার রাজশাহী, খুলনা, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া রাঙ্গামাটি, চাঁদপুর, বরিশাল, মাইজদীকোর্ট, শ্রীমঙ্গল ও সৈয়দপুর অঞ্চলসহ রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের উপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কোথাও কোথাও প্রশমিত হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

গতকাল ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৩৬ দশমিক ৭ ডিগ্রি ও ২৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ঢাকায় এক মি.মি. বৃষ্টিপাত হয়েছে।