করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বাংলাদেশও। ভাইরাসটি প্রতিরোধ ও চলমান দুর্যোগময় পরিস্থিতি মোকাবেলা, আর্থিক, সামাজিক ও স্বাস্থ্যসেবা উন্নয়নে মানবিক সহযোগিতা প্রদানের জন্য সর্বস্তরের সামর্থ্যবান জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন।
একই সঙ্গে মানবিক সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের পক্ষ থেকে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এক বা দুই দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদান করার জন্য আহ্বান জানানো হয়।
সমিতির সভাপতি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. নিজামূল হক ভূইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্যসেবায় অধিক আর্থিক বরাদ্দ যেমন প্রয়োজন হবে, তেমনি বৈশ্বিক অর্থনীতির মন্দার প্রভাবসহ আমাদের আর্থিক ও সামাজিক ব্যবস্থা হুমকির মুখে পড়ার বিরুদ্ধেও আমাদের সজাগ থাকতে হবে।
মন্দার প্রভাব সুদূরপ্রসারী হবে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, 'বর্তমানে দৈনিক খেটেখাওয়া হতদরিদ্র শ্রেণি-পেশার মানুষের ওপর এর প্রভাব ইতোমধ্যে পড়তে আরম্ভ করেছে। ভবিষ্যতে এর ফল হবে সুদূরপ্রসারী। সরকার হতদরিদ্র, প্রান্তিকজনগোষ্ঠী ও খেটেখাওয়া মানুষের খাদ্য নিরাপত্তা প্রদানের লক্ষ্যে নানা কর্মসূচি হাতে নিয়েছে। অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকেও এগিয়ে আসার সংবাদ পাওয়া যাচ্ছে। সমাজের অগ্রসর মানুষ হিসেবে এই চ্যালেঞ্জ থেকে উত্তরণের জন্য আমাদেরও জোরালো ভূমিকা নেয়ার আজ প্রয়োজন দেখা দিয়েছে।'
পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, 'করোনাভাইরাস সংক্রমণ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্বাস্থ্যবিধি তথা সামাজিক দূরত্ব, হোম কোয়ারেন্টাইন, হাঁচি-কাশি-সর্দি সংক্রান্ত শুদ্ধাচার ও পরিষ্কার-পরিচ্ছন্নতার নির্ভুল দিকনির্দেশনা স্ব স্ব অবস্থান থেকে সাধারণ জনগোষ্ঠীর নিকট পৌঁছে দেয়ার জন্য ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রায় সাড়ে ১৩ হাজার শিক্ষকের কাছে আমাদের আহ্বান রইল। বৈশ্বিক বিপর্যয়কালে এই মানবিক সহযোগিতা প্রদানের মাধ্যমে আমরা সংবেদনশীলতার সঙ্গে একথাই প্রকাশ করতে চাই, বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে শিক্ষকসমাজ আছে এবং ভবিষ্যতেও থাকবে। '
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ইতোমধ্যে শিক্ষকদের দুই দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
ইত্তেফাক/জেডএইচ
