লকডাউন অমান্য করলে গুলি : দুতের্তে

আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ০৫:৩৪

করোনা ভাইরাসের মহামারি ঠেকাতে লুজোন দ্বীপ এক মাসের জন্য লকডাউন করেছে ফিলিপাইন সরকার। এটি কার্যকরে কেউ সমস্যা তৈরি করলে তাকে গুলি করে মেরে ফেলার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। 

লকডাউন আরোপের দুই সপ্তাহের মধ্যে কোনো খাবার না পেয়ে রাজধানী ম্যানিলার বাইরে এক বস্তির বাসিন্দারা বিক্ষোভ শুরু করে। এরপরই বুধবার রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এমন হুঁশিয়ারি দিলেন তিনি। —আল জাজিরা

ফিলিপাইনের রাজধানী ম্যানিলাসহ বড়ো একটি অংশ নিয়ে গঠিত লুজোন দ্বীপ। প্রায় ৫ কোটি ৭০ লাখ মানুষের বাস এই দ্বীপে। 

করোনা মহামারি রোধে এক সপ্তাহের লকডাউন আরোপ করা হয়েছে সেখানে। দেশটির অন্যান্য এলাকাতেও একই ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। ফলে দেশটির ১০ কোটিরও বেশি মানুষ কোয়ারেন্টাইনে থাকতে বাধ্য হচ্ছে। 

এদিন দুতের্তে বলেন, ‘এই হুঁশিয়ারি সবার জন্য। এই মুহূর্তে সরকারের নির্দেশ অনুসরণ করুন কারণ এটা গুরুত্বপূর্ণ বলেই আমরা নির্দেশ দিয়েছি’। 

তিনি বলেন, ‘স্বাস্থ্যকর্মী, চিকিত্সকদের কোনো ক্ষতি করবেন না কারণ এটা মারাত্মক অপরাধ। পুলিশ ও সেনাবাহিনীর প্রতি আমার নির্দেশ, যদি কেউ সমস্যা তৈরি করে আর তাদের জীবন ঝুঁকিতে পড়ে তাহলে তাদের গুলি করে মেরে ফেলুন’।

ইত্তেফাক/জেডএইচ