প্রাইম ব্যাংক সাউথ জোনের শিরোপা জয় দিয়ে গতকাল বৃহস্পতিবার পর্দা নামলো বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) সপ্তম আসরের। এবারের আসরে ৩৪ উইকেট নিয়ে চতুর্থবারের মত সর্বোচ্চ উইকেট শিকারি হলেন প্রাইম ব্যাংক সাউথ জোনের বাঁ-হাতি স্পিনার আব্দুর রাজ্জাক। আর ৬ ম্যাচের ১২ ইনিংসে ৬৫৮ রান করে বিসিএলে প্রথমবারের মত সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন এনামুল হক বিজয়।
সর্বশেষ পাঁচ আসরের মধ্যে চতুর্থবারের মত সর্বোচ্চ উইকেট শিকারি হলেন রাজ্জাক। বিসিএলের তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ আসরের পর এবারও সেরা বোলারের খেতাব পেলেন রাজ্জাক। ৬ ম্যাচের ১০ ইনিংসে ৩৪ উইকেট নিয়েছেন তিনি। ২৯ উইকেট নিয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট বিসিবি নর্থ জোনের সানজামুল ইসলামের। তালিকার তৃতীয়স্থানে থাকা প্রাইম ব্যাংক সাউথ জোনের স্পিনার মেহেদি হাসান।
আরো পড়তে পারেন: বিসিএলে চতুর্থবারের মতো শিরোপা জয়ী দক্ষিণাঞ্চল
এদিকে প্রথমবারের মতো বিসিএলে সর্বোচ্চ রান করা ইনামুল ৬ ম্যাচে ২টি সেঞ্চুরির সাথে ৩টি হাফ-সেঞ্চুরিতে ৬৫৮ রান করেন। দলকে শিরোপা দিতে মুখ্য ভূমিকাই রেখেছেন এনামুল। দ্বিতীয় সর্বোচ্চ রান বিসিবি নর্থ জোনের নাইম ইসলামের। ২টি সেঞ্চুরি ও ৩টি হাফ-সেঞ্চুরিতে ১০ ইনিংসে ৫২২ রান করেছেন তিনি। ১টি সেঞ্চুরির ও ৪টি হাফ-সেঞ্চুরিতে ১১ ইনিংসে ৫০০ রান করে তালিকার তৃতীয় স্থানে বিসিবি নর্থ জোনের জুনায়েদ সিদ্দিকী।
ইত্তেফাক/মোস্তাফিজ
