করোনা সন্দেহে কিশোরীর বাড়ি ঘেরাও!

আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ২১:০৩

নেত্রকোনা প্রতিনিধি

কিছু কিছু লোকের অনর্থক করোনা ভীতিতে সামান্য সর্দি-জ্বর নিয়ে থাকা লোকের সমাজিক সমস্যার সৃষ্টি হচ্ছে। যাদের সর্দি-জ্বর হচ্ছে, তাদের করোনা রোগে আক্রান্ত মনে করে বাড়িঘর ঘেরাও করে রাখার খবরও পাওয়া যাচ্ছে। নেত্রকোনার পূর্বধলা উপজেলার খলিশাউর ইউনিয়নের খলাপাড়া গ্রামের শোভা আক্তারের (১৬) করোনা না হওয়া সত্ত্বেও সামান্য জ্বরের কারণে তাকে ও তার বাড়িঘর ঘেরাও করে রাখে এলাকার কিছু লোক।

শোভার চাচা রূপচান মিয়া বলেন, শোভা নান্দাইলে একটি পোশাক কারখানায় চাকরি করত। গত ১ এপ্রিল জ্বর নিয়ে সে বাড়িতে আসে। জ্বরের খবর প্রচার হওয়ার পরপরই গত বৃহস্পতিবার এলাকার লোকজন তার বাড়িঘর ঘেরাও এবং তাকেও বাড়িতে আটক রাখে। খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন নিজে দুই জন চিকিত্সকসহ একটি মেডিক্যাল টিম নিয়ে শোভার বাড়িতে গিয়ে শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং করোনার কোনো ভাইরাস নাই বলে জানান। ঐ সময় তারা তাকে জ্বর কমানোর চিকিত্সা দেন। পরে মেডিক্যাল টিমের কথামতো এলাকার লোকজন তার বাড়ি থেকে ঘেরাও তুলে নেয়।

শোভা বলেন, না জেনে এভাবে বাড়িঘর আটকে রাখা সামাজিকভাবে হেয় করার মতো। সরকারকে এদিকে নজর দেওয়ার জন্য তিনি দাবি জানান।