হোমনা (কুমিল্লা) সংবাদদাতা
হোমনায় করোনা ভাইরাসের উপসর্গ থাকা দুই ব্যক্তির বাড়ি লকডাউনের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার ঝগড়ারচর ও খোদেদাউদপুর গ্রামের দুই ব্যক্তির শরীরে করোনা ভাইরাস থাকতে পারে এমন সন্দেহে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সক দল তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠায়। পরে প্রশাসন তাদের দুজনের বাড়ি লকডাউন করে দেয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস ছালাম সিকদার বলেন, গত সোমবার রাত থেকে তারা অসুস্থ হয়ে পড়েন। তাদের সর্দি, কাশি, জ্বর ও গলাব্যথা আছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপ্তি চাকমা বলেন, রিপোর্টে তাদের করোনা পজিটিভ হলে পরিবারের অন্য সদস্যদের নমুুনা সংগ্রহ করা হবে।
