নারায়ণপুরে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ছাত্রের মৃত্যুতে এলাকায় আতঙ্ক

আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ২১:০৫

সাতক্ষীরা প্রতিনিধি

জেলার সদর উপজেলার নারায়ণপুর গ্রামে জ্বর, ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসান আলী (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার বল্লী ইউনিয়নের নারায়ণপুর গ্রামের নিজ বাড়িতে তার মৃত্যু হয়। এদিকে, তার মৃত্যুর পর এলাকা জুড়ে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শওকত জানান, এ খবর পাওয়ার পর একটি মেডিক্যাল টিম সেখানে পাঠানো হয়েছিল। তারা তার শরীরে কোনো করোনা ভাইরাসের লক্ষণ পাননি। তার নমুনা সংগ্রহের পর পুলিশ সুপার ঐ বাড়ির আশপাশের পাঁচটি বাড়ি লকডাউন করেছে।

নিহত হাসান সদর উপজেলার বল্লী ইউনিয়নের নারায়ণপুর গ্রামের বাহারুল ইসলামের ছেলে ও ঝাউডাঙ্গা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। বল্লী ইউনিয়নের নারায়ণপুর গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইরাদ আলী জানান, গত ছয়-সাত দিন ধরে ঐ যুবকের গায়ে জ্বর, ব্যথা ও শ্বাসকষ্ট ছিল।

তার মা রোজিনা খাতুন জানায়, স্থানীয় গ্রাম্য ডাক্তার দেখিয়ে তাকে ওষুধ খাওয়ানো হয়। শুক্রবার মৃত্যুর সময় তার মুখ দিয়ে রক্ত বের হয়।