ফেনী প্রতিনিধি
করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে জেলায় ছয় জনের নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ। এছাড়া সন্দেহভাজনদের বাড়ি লকডাউন ঘোষণা করে বাসিন্দাদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়।
সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনা সন্দেহে থাকা ওই ছয় জনের মধ্যে ছাগলনাইয়া ও সোনাগাজী উপজেলায় দুই জন করে চার জন, সোনাগাজী, দাগনভূঞা ও সদর উপজেলায় এক জন করে তিন জন রয়েছেন। তিনি আরো জানান, করোনা ভাইরাসের উপসর্গ থাকায় শুক্রবার দুপুরের দিকে নিজ নিজ উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাদের নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষার জন্য চট্টগ্রামের সীতাকুন্ডে ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশন ডিজিজ (বিআইটিআইডি) সেন্টারে পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট পজিটিভ পেলে পরিবারের অন্যদেরও নমুনা সংগ্রহ করা হবে বলে তিনি জানিয়েছেন।
