ত্রিশালে হতদরিদ্রের ১৬ বস্তা চাল উদ্ধার

আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ২১:০৫

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা

মজুত দুইবস্তা চাল আছে, বিতরণের জন্য আর কোনো চাল নেই। এমন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের ত্রিশালে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ‘হতদরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচির আওতায়  ডিলারের দোকানে অভিযান চালিয়ে গোপনে রাখা ১৬ বস্তা চাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব চাল উদ্ধার করে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান জানান, উপজেলার বইলর ইউনিয়নে ডিলারের দোকানে স্টকে বিতরণের জন্য দুই বস্তা চাল আছে এমন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ৩০ কেজি চালের ১৬টি বস্তা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে খাদ্য বিভাগ সংশ্লিষ্ট ডিলার আবু খালেকের ডিলারশিপ বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলেও তিনি জানান।