সাত বাড়িতে লাল পতাকা
তাহিরপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা
উপজেলায় জহিরুল (২২) নামে এক ব্যক্তি বুধবার ঢাকার একটি হাসপাতালে জ্বর-সর্দি ও কাশিতে আক্রান্ত হয়ে মারা গেছে। পরে বৃহস্পতিবার রাতে তাকে মাহতাবপুরে এনে স্থানীয় কবরস্থানে দাফন করেন তার স্বজনেরা। গাজীপুর থেকে বাড়ি নিয়ে আসা এবং লাশ ধোয়ানোর কাজ করেন এমন সাত জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিয়ে ঐ সাত বাড়িতে লাল নিশান টাঙিয়ে দেয় প্রশাসন।
নিহত জহিরুল (২২) বালিজুড়ি ইউনিয়নের মাহতাবপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে। তিনি গত দুই বছর ধরে গাজীপুরে একটি গার্মেন্টন্সে চাকরি করতেন। পরিবারের সদস্যরা জানান, সপ্তাহখানেক সময় ধরে তিনি জ্বর ও সর্দি-কাশিতে ভুগছিলেন। বুধবার সন্ধ্যায় তিনি মারা গেলে বৃহস্পতিবার গাজীপুর থেকে সিলেটের কোম্পানীগঞ্জের বালুচর গ্রামের কুলসুমা ও মালিক উস্তার নামে দুই জন তাকে মাহতাবপুর গ্রামে নিয়ে আসেন।
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. ইকবাল হোসেন বলেন, তিনি ঢাকায় যোগাযোগ করেছেন। তারা নির্দেশনা দিয়েছেন লাশের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আগামী দুই সপ্তাহ হোম কোয়ারেন্টাইনে থাকার।
