সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে দুই দফায় সাপ্তাহিক ছুটিসহ ১৭ দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এই সময়ের মধ্যে জনগণকে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানানো হচ্ছে বার বার। জরুরি প্রয়োজনে সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য মাঠে সক্রিয় রয়েছে সৈয়দপুর উপজেলা প্রশাসনসহ থানা পুলিশের সদস্যরা। প্রথম দিকে শহরবাসী মানলেও এখন আর সামাজিক দূরত্বের বিষয়টি আমলে নিচ্ছে না সৈয়দপুরের লোকজন।
শহরের বাজারের সরকারি বিধিনিষেধ না মেনে অধিকাংশ দোকানই খোলা, অলিগলির চায়ের দোকানে চলছে ব্যবসা। সামাজিক দূরত্ব না মেনে সড়কে জটলা, পণ্য কেনাকাটায় মানুষের ঠাসাঠাসি ভিড়। মাস্ক ব্যবহার করলেও নিরাপদ দূরত্ব মানছে না কেউ। তবে শহরের প্রধান সড়ক বাজারে উপজেলা প্রশাসন ও থানা পুলিশের কর্মকর্তা এবং সদস্যরা টহল দিয়ে বহিরাগতদের বাড়ি থেকে বের হতে নিরুত্সাহিত করছেন।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসিম আহমেদ জানান, লোকজনের চলাচলের বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। লোকজনকে ঘরে ফেরাতে সম্মিলিতভাবে প্রশাসন ও থানা পুলিশ কঠোর অভিযান শুরু করেছে। এ অভিযান ছুটির শেষ দিন পর্যন্ত চলবে। আশা করছি এতে বিদ্যমান জনসমাগম পরিস্থিতির উন্নতি হবে।
