স্টাফ রিপোর্টার, রাজশাহী
করোনার উপসর্গ নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতাল ভর্তি হওয়া এক রোগী পালিয়েছে। বৃহস্পতিবার দুপুরের পর হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ড (মেডিসিন) থেকে ওই রোগী সংশ্লিষ্টদের ফাঁকি দিয়ে পালিয়ে যায়। ফলে নমুনা সংগ্রহে গিয়ে চিকিত্সকরা তাকে আর খুঁজে পাননি।
রামেক অধ্যক্ষ ডা. নওশাদ আলী জানান, বৃহস্পতিবার বগুড়ার দুই জন ও রাজশাহীর এক জন সন্দেহভাজন রোগীর নমুনা টেস্ট করার কথা ছিল। ইতিমধ্যে বগুড়ার রোগীদ্বয়ের নমুনা সংগ্রহ ও পরীক্ষা সম্পন্ন হয়েছে। কিন্তু বৃহস্পতিবার দুপুরের পর রামেক হাসপাতালের ১৩ নম্বর ওয়ার্ডে চিকিত্সাধীন সন্দেহভাজন রোগীর নমুনা সংগ্রহে গিয়ে সংশ্লিষ্টরা ওই রোগীকে আর খুঁজে পাননি। ফলে তার নমুনা সংগ্রহ করা সম্ভব হয়নি। ওই ওয়ার্ডের দায়িত্বে থাকা মেডিসিন বিভাগের প্রধান ডা. খলিলুর রহমানও এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
