সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ২১:০৮

ধামইরহাটে খাদ্য বিতরণ

ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা করোনা ভাইরাস প্রতিরোধে পুরো বিশ্বের মানুষ এখন গৃহবন্দি। আর এতে কর্মহীন, ভবঘুরে, দিনমজুর, রিকশা-ভ্যানচালক, পরিবহন, রেস্টুরেন্ট শ্রমিক, ফেরিওয়ালা ও ছিন্নমূল চা-পান দোকানিদের পাশে দাঁড়িয়েছেন নওগাঁ-২ আসনের এমপি শহীদুজ্জামান সরকার। শুক্রবার পৌর সদরের বিভিন্ন ওয়ার্ডের গ্রামে গ্রামে ঐসব কর্মহীন বেকার শ্রমিক ও ঘরে বসে থাকা মানুষের হাতে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। দিনব্যাপী পৌর সদরে ৫১৫ পরিবারে এবং পৌরসভায় বিতরণ শেষে শনিবারও প্রতিটি ইউনিয়নের দলীয় নেতাকর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে ৫ হাজার পরিবারের মধ্যে চাল-ডাল ও আলুসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করবে বলে বিদ্যুত্, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি জানান।

রাস্তা পরিষ্কার করে জীবাণুনাশক স্প্রে

ডিমলা (নীলফামারী) সংবাদদাতা করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রোধে ডিমলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শুক্রবার রাস্তা পরিষ্কার করে জীবাণুনাশক ছিটানো হয়েছে। উপজেলার অফিস-আদালত, হাটবাজার ও গুরুত্বপূর্ণ রাস্তায় ঐ জীবাণুনাশক ছিটানো হয়। স্বেচ্ছাসেবক লীগের নেতা এ এইচ এম ফিরোজ বলেন, ডিমলা উপজেলাকে জীবাণুমুক্ত করতে জীবাণুনাশক ছিটানো অব্যাহত থাকবে।

পাংশায় ২ হাজার পরিবার পেল খাদ্যসহায়তা

রাজবাড়ী প্রতিনিধি করোনা মোকাবিলায় রাজবাড়ীর পাংশা উপজেলায় ব্যক্তি উদ্যোগে চা বিক্রেতা, দর্জি, নাপিত, হকার, ধোপা ও দিনমজুর কর্মহীন ২ হাজার পরিবারের মধ্যে শুক্রবার দুপুরে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। এই খাদ্য সহায়তা বিতরণ করেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিমের ছেলে জেলা আওয়ামী লীগের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী আশিক মাহমুদ মিতুল হাকিম।

অর্ধশত কর্মহীন পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

ডোমার (নীলফামারী) সংবাদদাতা করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অর্ধশত পরিবারের মধ্যে শুক্রবার খাদ্যসামগ্রী বিতরণ করেছেন ডোমার পৌরসভার শাহীপাড়া এলাকার কয়েকজন যুবক। উপজেলার শাহীপাড়ার রায়হানের বাড়ির সামনে ঐ এলাকার আবু, স্বপন, মিজানুর, রায়হান, ডন, সাদিকুল, বরাত, সুমন, শামিমসহ আরো অনেকে এগুলো বিতরণ করেন।

কর্মহীন ও দুস্থ পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা করোনা ভাইরাস পরিস্থিতিতে উদ্ভূত খাদ্য সংকট মোকাবিলায় কেন্দুয়ায় তিন শতাধিক কর্মহীন ও দুস্থ পরিবারের মধ্যে শুক্রবার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন কল্যাণী ফাউন্ডেশনের উদ্যোগে এ সব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। কেন্দুয়া পৌর শহরের সাউদপাড়া এলাকায় কল্যাণী ফাউন্ডেশনের কার্যালয় প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে কর্মহীন ও দুস্থ এসব পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নারীনেত্রী কল্যাণী হাসান।

ছয় চালককে খাদ্য দিয়ে বাড়ি পাঠালেন ইউএনও

জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা জুড়ী উপজেলা শহরে অভিযান চলাকালে বৃহস্পতিবার সন্ধ্যায় পাঁচটি অটোরিকসা ও একটি সিএনজি আটক করে টাস্কফোর্স। রাতে জুুড়ী থানার ওসি মো. জাহাঙ্গীর আলম সরদারের উপস্থিতিতে ঐ ছয় চালককে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত গাড়ি বের করবে না শর্তে খাদ্যদ্রব্য দিয়ে বাড়ি পাঠালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বণিক।

কর্মহীনদের মধ্যে খাদ্য বিতরণ

কালিয়া (নড়াইল) সংবাদদাতা কালিয়ার একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের ২ হাজার ৫০০ জন নিম্ন আয়ের মানুষের মধ্যে শুক্রবার খাদ্যসামগ্রী বিতরণ করেছেন নড়াইল-১ আসনের এমপি মো. কবিরুল হক। কালিয়া খাদ্যগুদাম চত্বরে স্থানীয় কয়েক জন কর্মহীনের হাতে খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেওয়াসহ উপজেলার ২ হাজার ৫০০ জন নিম্ন আয়ের অসহায় মানুষের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার জন্য ইউপি চেয়ারম্যানসহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিদের হাতে ঐসব খাদ্যসামগ্রী তুলে দেন।

কর্মহীন হতদরিদ্রদের মধ্যে খাদ্য বিতরণ

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা রাণীনগরে করোনার কারণে ঘরে বসে থাকা কর্মহীন অসহায় হতদরিদ্রদের বাড়ি গিয়ে খাদ্য পৌঁছে দিলেন সংসদ সদস্য ইসরাফিল আলম। শুক্রবার মোবাইল ফোনে, এসএমএস এবং অনলাইনের মাধ্যমে পাওয়া খবরের ভিত্তিতে তাত্ক্ষণিক মানবিক খাদ্য সহায়তা কেন্দ্র থেকে কর্মহীন মানুষের মধ্যে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়।

দরিদ্রদের মধ্যে ত্রাণ বিতরণ

বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা বোরহানউদ্দিনে কর্মহীন মানুষের কষ্ট লাঘবে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল ব্যক্তিগত উদ্যোগে ৪ হাজার পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করছেন। বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত তিনি উপজেলার সাচড়া, দেউলা, কাচিয়া, টবগী, হাসাননগর, পক্ষিয়া ইউনিয়নের দরিদ্রদের বাড়িতে বাড়িতে গিয়ে ত্রাণ বিতরণ করেন।

১৫ হাজার পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

লালমোহন (ভোলা) সংবাদদাতা লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় কর্মহীন হয়ে পড়া প্রায় ১৫ হাজার নিম্নআয়ের পরিবারের মধ্যে শুক্রবার খাদ্যসামগ্রী বিতরণ শুরু করা হয়েছে। লালমোহন পৌর এলাকার সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে এ কার্যক্রম উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন। এ সময় প্রাথমিক পর্যায়ে এক হাজার অস্বচ্ছল পরিবারের সদস্যদের হাতে চাল, ডাল, আলু, পিঁয়াজ, সয়াবিন, সাবান এবং একটি করে মাস্ক তুলে দেওয়া হয়।

কর্মহীন ক্রীড়াবিদ ও ক্রীড়াবিদদের পরিবারের পাশে ক্রীড়া সংস্থা

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা করনো ভাইরাস সংক্রমণ মোকাবিলায় স্বেচ্ছায় লকডাউনে যাওয়া উপজেলার দুস্থ, কর্মহীন ক্রীড়াবিদ ও তাদের পরিবারকে খাদ্যসহায়তা দেওয়ার জন্য গফরগাঁও উপজেলা ক্রীড়া সংস্থা এক লাখ টাকা অনুদান দিয়েছে। এই অর্থ দিয়ে বৃহস্পতিবার বিকাল ও শুক্রবার সকালে গফরগাঁও পৌর শহরের মধ্যবাজারে উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এস এম ইকবাল হোসেন সুমন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল এহাছান রানা ২৫০ জন দুস্থ, কর্মহীন ক্রীড়াবিদ ও তাদের পরিবারের সদস্যদের হাতে খাদ্য সহায়তা তুলে দেন।

ভিক্ষুক ও প্রতিবন্ধীদের মধ্যে খাদ্য বিতরণ

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা গোবিন্দগঞ্জে ভিক্ষুক ও প্রতিবন্ধী অসহায়দের মধ্যে শুক্রবার দুপুরে খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান পৌর এলাকার মধ্যপাড়া মসজিদ চত্বরে এই খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়। এছাড়া উপজেলা চেয়ারম্যান সকালে উপজেলার নাকাইহাট এলাকায় অস্থায়ী বেদে পল্লীর শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

ফুলবাড়ীতে খাদ্যসামগ্রী বিতরণ

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা করোনার প্রভাবে ফুলবাড়ীর কর্মহীন শ্রমজীবী ১ হাজার পরিবারের মধ্যে শুক্রবার গুপ্তা প্লাইউড অ্যান্ড উড প্রসেসিং ইন্ডাস্ট্রিজের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গুপ্তা প্লাইউড ইন্ডাস্ট্রিজ চত্বরে গরিব ও দুস্থ পরিবারগুলোর হাতে খাদ্যসামগ্রী তুলে দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুল। এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ সিরাজুল ইসলাম, গুপ্তা প্লাইউড অ্যান্ড উড প্রসেসিং ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও দৈনিক দেশ মা পত্রিকার প্রকাশক রাজু কুমার গুপ্ত প্রমুখ।