করোনার ধাক্কা
স্পোর্টস রিপোর্টার
করোনা ভাইরাসের ধাক্কা অব্যাহত রয়েছে বাংলাদেশের ক্রিকেটে। ঘরোয়া সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম বন্ধ রয়েছে। আন্তর্জাতিক সিরিজের আকাশেও মেঘের ঘনঘটা। ইতিমধ্যে মে মাসে টাইগারদের আয়ারল্যান্ড সফর বাতিল হয়ে গেছে। সম্প্রতি অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পেইনও বলেছেন, জুলাইয়ে দুই ম্যাচের সিরিজ খেলতে তাদের বাংলাদেশ আসা অনেকটাই অনিশ্চিত। যে অবস্থা চলছে তাতে সিরিজ নাও হতে পারে, এটা বুঝতে আইনস্টাইন হতে হবে না।
করোনার কারণে গতকাল নতুন করে দুঃসংবাদ পেল বাংলাদেশের ক্রিকেট। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে আগামী আগস্টের শেষ দিকে বাংলাদেশ সফরে আসার কথা ছিল নিউজিল্যান্ড ক্রিকেট দলের। করোনার মহামারি রূপ সেই হোম সিরিজের সামনেও অনিশ্চিয়তার মেঘ উড়িয়ে এনেছে। সিরিজে বাংলাদেশের বিপক্ষে দুইটি টেস্ট খেলার কথা কিউইদের।
করোনার প্রাদুর্ভাবে একের পর এক সিরিজ অনিশ্চিত হয়ে পড়ছে। আগস্টে শ্রীলঙ্কা সফরের পরপরই হোম সিরিজে কিউইদের মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের। পরিস্থিতি বলছে, এই হোম সিরিজের আলোর মুখ দেখা কঠিন। নিউজিল্যান্ডের ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইটের কথায় রয়েছে তেমনই ইঙ্গিত। জুন-জুলাইয়ে নিউজিল্যান্ড দলের স্কটল্যান্ড, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস সফর এবং ওয়েস্ট ইন্ডিজ সফর কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে।
ডেভিড হোয়াইট বলেছেন, সন্দেহ দানা বেঁধেছে আগস্টের বাংলাদেশ সফর নিয়েও। এপ্রিলের শেষ দিকে নিউজিল্যান্ড নারী দলের শ্রীলঙ্কা সফর ছিল। যা ইতিমধ্যে স্থগিত করা হয়েছে।
গতকাল এই প্রসঙ্গে ডেভিড হোয়াইট বলেছেন, ‘পরিস্থিতি খুবই হতাশাজনক। বিশেষ করে যারা খেলার সঙ্গে জড়িত। তবে বড়ো চিত্রটা দেখতে হবে। করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্ব এখন বন্দি। এখন শুধু আমাদের লোকজনের ভালো থাকার ব্যবস্থা নিশ্চিত করতে হবে, তা নয়, আমাদের সমাজের ভালোও দেখতে হবে। নিউজিল্যান্ড ক্রিকেটের ভাগ্য ভালো। আমরা যখন গ্রীষ্মের শেষে এসে পড়েছিলাম, তখন এই সংকট দেখা দেয়।’
ইতিমধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হোম সিরিজের সূচি ঘোষণা করেছিল বিসিবি। তবে আগস্টে নিউজিল্যান্ড সিরিজের সূচি চূড়ান্ত হয়নি। কয়েক মাস দূরে থাকা সফর নিয়ে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড প্রতিক্রিয়া দেখালেও বিসিবি হোম সিরিজগুলো নিয়ে চুপই রয়েছে। করোনার কারণে বন্ধ রয়েছে বিসিবি কার্যালয়। কর্মকর্তারা বেশির ভাগই বাসা থেকে কাজ করছেন। গতকাল যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি বিসিবির ঊর্ধ্বতনদের।
করোনার কারণে বাংলাদেশেও সব ধরনের ক্রিকেট বন্ধ রয়েছে। অনির্দিষ্টকালের জন্য ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ স্থগিত করেছে বিসিবি। আন্তর্জাতিক সিরিজগুলোও করোনার গ্রাসে পড়তে যাচ্ছে। করোনা পরিস্থিতির উন্নতি না হলে সহসাই ক্রিকেট মাঠে ফেরার সম্ভাবনা নেই এবং শুধু বাংলাদেশ নয়, এই উন্নতির খবরটা আসতে হবে গোটা বিশ্ব থেকে। কারণ করোনার থাবা এখন বিশ্বব্যাপী বিস্তৃত্ব।
