স্পোর্টস রিপোর্টার
করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচন পিছিয়ে দিয়েছিল গেল সপ্তাহেই। বাফুফের এ সিদ্ধান্তে গত বুধবার সায় দিয়েছে ফিফা। আরো জানিয়েছে, ‘পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগ পর্যন্ত’ বর্তমান কমিটিই থাকবে দায়িত্বে। স্বাভাবিক পরিস্থিতিতে বাফুফের বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী ৩০ এপ্রিল। তার আগেই নির্বাচন সম্পন্ন করার জন্য ভোটার তালিকা আর তপশিলও ঘোষণা করে দেওয়া হয়েছিল। তবে গত ২৭ মার্চ করোনা ভাইরাসের কারণে নিজেদের এ সিদ্ধান্ত থেকে সরে এসে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয় বাফুফে।
গত বৃহস্পতিবার তাতেই সায় মিলেছে ফিফার। বাফুফের সহসভাপতি সালাম মুর্শেদী এ ব্যাপারে সাংবাদিকদের বলেন, ‘আমরা গত ২৭ মার্চ যে সিদ্ধান্ত নিয়েছিলাম তা ফিফাকে জানিয়েছি। তারা আমাদের জবাব দিয়েছেন। কংগ্রেসকে করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই করতে বলা হয়েছে। সে পর্যন্ত দায়িত্বে বর্তমান কমিটিই থাকবে।’
