কমল কান্ত রায়
করোনার কারণে ফুল বিক্রি করতে না পারায় রংপুরের গঙ্গাচড়ায় ফুলচাষিরা চরম বিপাকে পড়েছেন। ব্যাপক ক্ষতির শিকার চাষিরা। জানা যায়, উপজেলার গজঘণ্টা ইউনিয়নের উমর গ্রামের মৃত গোলজার হোসেনের পুত্র কামরুজ্জামান গত বছরের ন্যায় এবারো এক একর ১০ শতক জমিতে ফুল চাষ করেন। এর মধ্যে গোলাপ ২৫ শতক, গাঁদা ২৫ শতক, কটি বেলি ২০ শতক, গ্লাডিওলাস ২৪ শতক ও সেন্ট বেলি ১৬ শতক জমিতে। গত বছর মুনাফা মোটামোটি করেছিলেন। এ কিন্তু এই বছর আর সম্ভব নয়। বেকার যুবক কামরুজ্জামান বলেন, এ বছর শুধু গ্লাডিওলাস চাষ করতে এ পর্যন্ত বীজসহ অন্যান্য খরচ মিলে ৬০ হাজার টাকা খরচ হয়েছে।
ইতিমধ্যে ফুল ফোটা শুরু হয়েছে। নষ্টও হচ্ছে। আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে পরিবেশ স্বাভাবিক না হলে লোকসান গুনতে হবে। এদিকে শুধু গোলাপ তুলে ফেলে দিয়েছে ৫০ হাজার পিস। যার আনুমানিক মূল্য আড়াই লাখ লাখ টাকা। আর কতদিন চলবে এ অবস্থা জানে না কামরুজ্জামান। আর কত লোকসান গুনতে হবে। কামরুজ্জামান বলেন, করোনার কারণে ক্রেতা না পাওয়ার কারণে আজকে ফুল চাষ করে লোকসান গুনতে হচ্ছে। কামরুজ্জামানের ন্যায় অনেকেই এখন ফুল চাষ করে বিপাকে পড়েছেন।
