এই সময়ের ছড়া
ফারুক হোসেন
শব্দদূষণ নেই
নেই ধুলোবালি,
বায়ুর দূষণ নেই
পথঘাট খালি।
ভিড় নেই মানুষের
নেই বাস-গাড়ি,
যানজট কোন দূরে
জমিয়েছে পাড়ি?
যতদূর চোখ যায়
অবিরাম ফাঁকা,
আজ যেন অচেনা এ
রাজধানী ঢাকা।
থেমে আছে সব চাকা
মানুষেরা ঘরে,
কাজ নেই সব্বাই,
যেন অবসরে।
যুদ্ধ এ করোনার
থাবা থেকে বাঁচা,
ঘরবাড়ি আজ যেন
পাখিদের খাঁচা।
