রংপুর বিভাগের আট জেলা থেকে সংগ্রহকৃত ৪২ সন্দেহভাজন করোনা রোগীর নমুনা পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুক্রবার বেলা তিনটার পরে পরীক্ষা কার্যক্রম শেষ হয়েছে বলে জানিয়েছেন মাইক্রোবায়োলজি বিভাগের বিভাগীয় প্রধান ও ল্যাব তত্ত্বাবধায়ক ডা. মোস্তাকিমুর রহমান। তিনি বলেন, পরীক্ষা শেষে এখন প্রতিবেদন তৈরির কাজ চলছে। তারপর সেটি স্বাস্থ্য অধিদপ্তর এবং আইইডিসিআরে পাঠানো হবে। সেখান থেকে আজ ফলাফল ঘোষণা করা হবে। এর আগে গতকাল যদিও তিনি বলেছিলেন যে সন্দেহভাজনদের নমুনা পরীক্ষার পর আমরা এখান থেকে ঘোষণা করব।
এর আগে এ মেডিক্যালে বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলাসহ হোম কোয়ারেন্টাইনে থাকা ৪২ জনের নমুনা সংগ্রহ করা হয়। এদের মধ্যে ১০ জন নারী ও ৩২ জন পুরুষ।
ডাক্তার মোস্তাকিমুর রহমান সাংবাদিকদের জানান, পিসিআর মেশিনে একটি পরীক্ষা হতে সাধারণত চার থেকে ছয় ঘণ্টা সময় লাগে। এখানে একই সঙ্গে দিনে ৯৬টি নমুনা পরীক্ষা করা সম্ভব হবে। বর্তমানে রংপুর মেডিক্যাল কলেজে ২২৮টি করোনা ভাইরাস পরীক্ষার কিট মজুত রয়েছে বলে জানা গেছে।
এদিকে নমুনা সংগ্রহ প্রক্রিয়ার ব্যাপারে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডাক্তার এ কে এম নুরুন্নবী লাইজু জানান, রংপুর বিভাগের আট জেলা থেকে নমুনা সংগ্রহ করা হবে। কোনো রোগীর শরীরে করোনার উপসর্গ দেখা দিলে নিকটস্থ স্বাস্থ্যসেবা কেন্দ্র, সিভিল সার্জন, হাসপাতালসহ প্রয়োজনীয় হটলাইন ও ফোন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। স্থানীয় স্বাস্থ্যকর্মীরা নমুনা সংগ্রহ করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের অণুজীব বিজ্ঞান বিভাগে প্রেরণ করলে সেখানে এর পরীক্ষা করা হবে।
এদিকে রংপুর বিভাগের আট জেলার কোনো রোগীর শরীরে করোনা আক্রান্তের উপসর্গ দেখা দিলে নিজ নিজ এলাকার হাসপাতাল ও সিভিল সার্জনসহ প্রয়োজনীয় নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
রংপুরের রোগীদের জন্য মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের হটলাইন নম্বর (০১৭১২-১৭৭২৪৪)। এ ছাড়াও রংপুর জেলা সিভিল সার্জন কার্যালয়ের নম্বর (ফোন- ০৫২১ ৬২১৫০ অথবা ০১৭১৮-৫৬২১৭২), রংপুর মেট্রোপলিটন পুলিশ কন্ট্রোল রুম (ফোন- ০৫২১ ৫৭০০৬৬ অথবা ০১৭৬৯-৬৯৫৪০০)। এখানে বিনা মূল্যে পরীক্ষা করা হবে রোগীদের।
