সিলেট নগর ও শহরতলির মসজিদগুলোতে গতকাল শুক্রবার জুমার নামাজে মুসল্লিদের সমাগম কম ছিল না। তবে প্রশাসনের পরামর্শ অনুযায়ী সুন্নত নামাজ বেশিরভাগ মুসল্লি ঘরেই আদায় করে নেন। শুধু খুতবা ও ফরজ নামাজের সময় মসজিদে ছিলেন তারা। হযরত শাহজালাল (র) এর মাজার মসজিদেও সামাজিক দূরত্ব বজায় রেখে লাইন ধরে মুসল্লিদের ঢুকতে দেখা যায়। এ সময় তাদের পায়ে জীবাণুনাশক স্প্রে করা হয়।
এদিকে জুমার পর সিলেটের মসজিদে মসজিদে ছিল কান্নার রোল। মুসল্লিদের আহাজারিতে সিলেটের বাতাস যেন ভারী হয়ে ওঠে। সিলেটের দরগাহ মসজিদ, আম্বরখানা মসজিদ, বন্দর বাজার মসজিদ, কোর্ট পয়েন্ট মসজিদ, কুদরত উল্লাহ মসজিদ, নাইওরপুল মসজিদসহ বিভিন্ন পাড়ার মসজিদগুলোতে মুসল্লিদের কান্না ছিল চোখে পড়ার মতো। বিদেশে থাকা প্রবাসী সিলেটিসহ মুসলিম উম্মাহর জন্যও মসজিদে দোয়া করতে দেখা গেছে। এদিকে সিলেট নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, আম্বরখানাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় লোকজনের আনাগোনা নেই। তবে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের কিছু দোকানপাট খোলা রয়েছে। একেবারে জরুরি প্রয়োজন ছাড়া কেউ বাইরে যাচ্ছে না।
