আর্থিক প্রণোদনা দাবি ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতির

আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ২২:৩১

বিশেষ প্রতিবেদন

পণ্য পরিবহনের গুরুত্ব এবং এর সঙ্গে যুক্তদের মানবিক দিক বিবেচনা করে পণ্য পরিবহন মালিক ও শ্রমিকদের আর্থিক প্রণোদনা দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি। গতকাল সমিতির সভাপতি হাজী মো. তোফাজ্জল হোসেন মজুমদার ও সাধারণ সম্পাদক মো. রুস্তম আলী খান এক যুক্ত বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে তারা বলেন, পণ্য পরিবহন শিল্প দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গার্মেন্টস শিল্পের বিকাশের সঙ্গে সঙ্গে পণ্য পরিবহনও প্রসার লাভ করেছে। সরকার করোনার প্রভাব থেকে গার্মেন্টস শিল্পকে টিকিয়ে রাখার জন্য ইতিমধ্যে ৫ হাজার কোটি টাকা প্রণোদনা দেওয়ার ঘোষণা করা হয়েছে। করোনার প্রভাবে পণ্য পরিবহন শিল্পের সঙ্গে জড়িত লাখ লাখ শ্রমিক আজ বেকার। অথচ এ শিল্পের ব্যাপারে কিছুই বলা হয়নি। পণ্য পরিবহনের ব্যবসা আশানুরূপ না থাকায় মালিকরা শ্রমিক এবং কর্মচারীদের বেতন পরিশোধ করতে পারছে না মালিকরা। প্রায় ১ লাখ গাড়ি ব্যাংক ঋণ তথা লিজিং কোম্পানি থেকে ক্রয় করার কারণে প্রায় সকল মালিক ব্যাংক ঋণ বা কিস্তি পরিশোধ করতে পারেনি। ফলে সুদচক্রে পড়েছে মালিকরা। এমতাবস্থায় তারা আর্থিক প্রণোদনা দেওয়ার দাবি জানিয়েছেন।