কালিয়াকৈরে এক রাতে পুলিশের পোশাকে দুই ছিনতাই

আপডেট : ০৩ এপ্রিল ২০২০, ২২:৩১

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

কালিয়াকৈরে পুলিশের পোশাকে দুইটি দুর্ধর্ষ ছিনতাই সংঘটিত হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার চান্দাবহ-বোর্ডঘর সড়কের বুদ্ধিরটেক ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আসুকা পাম্প নামক স্থানে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার বারবাড়িয়া গ্রামের মাছের ব্যবসায়ী দুলাল সরকার, গণেশ ও ভজন মাছ কেনার জন্য ভোরে কালিয়াকৈর বাজার মাছের আড়তে যাচ্ছিলেন। বুদ্ধিরটেক নামকস্থানে পৌঁছলে পুলিশের পোশাক পরিহিত দুই জন ছিনতাইকারী তাদের গতিরোধ করে। এসময় ছিনতাইকারীরা মারপিট করে তাদের কাছ থেকে ৫২ হাজার টাকা ছিনিয়ে পালিয়ে যায় । অপরদিকে ছিনতাইয়ের দ্বিতীয় ঘটনাটি ঘটে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার আসুকা পাম্প নামক স্থানে। ছিনতাইকারীরা একই কায়দায় উপজেলার ভাওমান গ্রামের মসলা ব্যবসায়ী ওয়াসিমের কাছ থেকে ২৭ হাজার টাকা, একটি মোবাইল ফোনসেট ও টালাবহ গ্রামের ভেলা মিয়ার কাছ থেকে ৫ হাজার টাকা ও একটি মোবাইল ফোনসেট ছিনিয়ে পালিয়ে যায় । এ ব্যাপারে কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক মো. আব্দুল হালিম বলেন, বিষয়টি তাদের জানা নেই।