সাভারে করোনা মোকাবিলায় সেনাবাহিনীর সহায়তায় তত্পর উপজেলা প্রশাসন

আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ০০:১৯

সাভারে করোনা পরিস্থিতি মোকাবিলায় দিনরাত কাজ করছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমানের নেতৃত্বে ও সেনাবাহিনীর সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ, সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদসহ প্রশাসনের সব কর্মকর্তা-কর্মচারী সরকারি সব নির্দেশনা বাস্তবায়নে তত্পর রয়েছেন। প্রতিদিনই জনসচেতনতামূলক কাজসহ বিদেশফেরত প্রবাসীদের কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ, বাজার নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে।

উপজেলার সব এলাকা ও পাড়া মহল্লায় সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রিত রাখার চেষ্টা চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রশাসনের বেঁধে দেওয়া নিয়ম-কানুনগুলো সঠিকভাবে পালন করা হচ্ছে কিনা সেই বিষয়ে বিভিন্ন এলাকার জনসমাগম স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ। প্রতিদিনই উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দুস্থ ও কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও জনসচেতনতামূলক প্রচারণা চালাচ্ছেন। অনেক ক্ষেত্রে দুস্থদের বাড়ি বাড়ি গিয়েও পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ সহায়তা। এছাড়া সেনাবাহিনীর সদস্যরা সাভারের বিভিন্ন পয়েন্টে জনসমাবেশ এড়িয়ে জনগণকে নিজ নিজ বাসায় অবস্থানের জন্য উদ্বুদ্ধ করছেন। টইলসহ সেনাবাহিনীর সব কার্যক্রম পর্যবেক্ষণ ও হোম কোয়ারেন্টাইনে থাকা কয়েকজনের বাসা পরিদর্শন করেছেন সাভার সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মো. সাইফুল আবেদীন। এ সময় মেজর জাহিদসহ সেনাবাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।

এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সার্বক্ষণিক ডাক্তার, নার্স, আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত করে রাখা হয়েছে। ডাক্তারদের ব্যক্তিগত সুরক্ষার জন্য পিপিইসহ সার্বিক প্রস্তুতির কথা নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ সায়েমুল হুদা।