বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণখান থানার মিয়াপাড়া এলাকায় ঝড়ে নির্মাণাধীন একটি বহুতল ভবনের দেওয়াল ধসে ঘুমন্ত অবস্থায় এক বৃদ্ধা নিহত হয়েছে। তার নাম খাইরুন্নেসা (৭০)। এ সময় নিহতের নাতনি কলেজ শিক্ষার্থী ও ছেলের বউসহ আরো দুই জন আহত হয়েছেন। তাদের স্থানীয়রা উদ্ধার করে রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। স্থানীয়দের অভিযোগ , ভবন নির্মাণসংক্রান্ত নিয়ম না মানা এবং নিম্নমানের সরঞ্জাম ব্যবহার করায় এমন দুর্ঘটনা ঘটেছে। ডিএমপির দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ (ওসি) শিকদার মোহাম্মদ শামীম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
