করোনার সাহায্যে প্রিয় ক্রিকেটীয় সামগ্রী নিলামে তুলবেন তারা

আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ১৭:০৬

মহামারী করোনা ভাইরাসের বিরুদ্ধে হাজারো লড়াইয়ের পরও অসহায় হয়ে পড়েছে পুরো বিশ্ব। তবে মরণ ব্যাধি এই ভাইরাসের বিরুদ্ধে থেমে নেই ডাক্তার আর বিজ্ঞানীরা।  অদৃশ্য এই ভাইরাসের মোকাবেলায় প্রতিষেধক বানাতে সাধ্যমতো চেষ্টা কওে যাচ্ছেন তারা। 

ডাক্তাররা প্রতিষেধক বানানোর জন্য চেষ্টা করছেন আর বৈশ্বিক এই মহামারীতে সবাই তাদের সাধ্যমতো অর্থ সহায়তা কওে যাচ্ছেন। এবার এই চ্যালেঞ্জে যোগ দিলেন পাকিস্তানের ক্রিকেট কিংবদন্তি ওয়াসিম আকরাম ও সাবেক ইংলিশ পেস তারকা ড্যারেন গফ। ভয়াবহ এই পরিস্থিতিতে বিপদগ্রস্ত মানুষকে সহায়তার জন্য ক্যারিয়ারের স্মরণীয় কিছু ক্রিকেটীয় সরঞ্জাম নিলামে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন তারা।

'সেন্টার ফর ডিজাস্টার ফিলানথ্রপি' নামের একটি কোম্পানি করোনা ভাইরাস প্রতিরোধের জন্য তহবিল সংগ্রহ করছে। ওই কোম্পানির মাধ্যমেই নিলামে উঠবে আকরাম ও গফের দেওয়া স্মরণীয় কিছু ক্রিকেটীয় সরঞ্জাম। টেস্ট ও ওয়ানডে সংস্করণে পাকিস্তানের সর্বোচ্চ উইকেট শিকারি আকরাম তার স্বাক্ষরিত একটি বল ও ব্যাট দেওয়ার অঙ্গীকার করেছেন। স্বাক্ষর করা একটি বল দিবেন ওয়ানডেতে ইংল্যান্ডের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি গফ। যেগুলো বিক্রি হলে বড় অংকের টাকা পাওয়া যাবে।

শুধু এই দুজনই নন, পৃথিবীর এই দুর্যোগে এগিয়ে এসেছেন ইংল্যান্ড জাতীয় দলের ক্রিকেটার জস বাটলার ও স্যাম কারান। বিশ্বকাপজয়ী উইকেটকিপার ব্যাটসম্যান বাটলার তার শিরোপা জয়ের জার্সিটি নিলামে তুলেছেন। অন্যদিকে ত্রাণ সংগ্রহে প্রচারণা চালাচ্ছেন কারান। জাতীয় স্বাস্থ্য সংস্থার কর্মীদের জন্য ফ্রি মুরগির ব্যবস্থা করেছেন আরেক ইংলিশ ক্রিকেটার রবি বোপাররা। বড় অংকের অর্থ দিয়ে সহায়তা করছেন বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাররা।

ইত্তেফাক/এসআই