বিএসএমএমইউতে খালেদা জিয়াকে ফের চিকিৎসার রিটের আদেশ বৃহস্পতিবার

আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ১৯:৫৩

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পুনরায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি করে চিকিৎসা সেবা প্রদানের নির্দেশনা চেয়ে দায়েরকৃত রিটের ওপর শুনানি আজ মঙ্গলবার হাইকোর্টে শেষ হয়েছে। 

বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার ওই রিটের ওপর আদেশের জন্য দিন ধার্য রেখেছেন। আজ আবেদনের পক্ষে আইনজীবী এজে মোহাম্মদ আলী ও রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা শুনানি করেন। 

আরো পড়ুনঃ জমি নিয়ে সংঘর্ষে ৩ জন খুন, গ্রেফতার ২

প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশে গত ৬ অক্টোবর খালেদা জিয়াকে পুরাতন কেন্দ্রীয় কারাগার থেকে বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে এক মাসের চিকিৎসা প্রদান শেষে গত ৭ নভেম্বর তাকে কারাগারে ফিরিয়ে নেয়া হয়। মেডিকেল বোর্ডের অনুমতি ব্যাতীত এবং হাইকোর্টকে অবহিত না করে খালেদা জিয়াকে কারাগারে ফিরিয়ে নেয়ার বৈধতা চ্যালেঞ্জ করে সোমবার এ রিট করেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। 

ইত্তেফাক/কেকে