বায়ার্ন মিউনিখকে খাদের কিনারা থেকে টেনে তোলার পুরস্কারটা পেলেন হ্যান্সি ফ্লিক। ২০২৩ সাল পর্যন্ত তাকে কোচের পদে রাখার জন্য সিদ্ধান্ত নিয়েছে জার্মান চ্যাম্পিয়নরা। গেলো নভেম্বরে দলের বাজে পারফরম্যান্সের কারণে চাকরি হারান সাবেক কোচ নিকো কোভাচ। তার জায়গায় আসা ফ্লিক বায়ার্নকে ফেরান বুন্ডেসলিগার শীর্ষে, চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডে চেলসিকে তাদেরই মাঠে হারিয়েছেন ৩-০ গোলে, জার্মান কাপেও সেমিফাইনাল নিশ্চিত দলটির। এমন পারফর্ম্যান্সের পুরস্কারই পেয়েছেন তিনি। গত শুক্রবার ব্যাপারটা নিশ্চিত করেন ক্লাবের প্রধান নির্বাহী কার্ল হেইঞ্জ রুমেনিগে। কোচ ফ্লিকও খুশি বড়ো মেয়াদে দলে থাকতে পেরে, ‘আমি আমার কোচিং দল আর ফুটবলারদের সঙ্গে কাজটি চালিয়ে যাব, এ ব্যাপারে আমি আনন্দিত। আমার বিশ্বাস, একসঙ্গে আমরা অনেক কিছু জিততে পারি।”
