ঝুঁকিপূর্ণভাবে হাটবাজারে ভিড় করছে মানুষ!

আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ২১:১৮

মানছে না শারীরিক দূরত্ব

ইত্তেফাক ডেস্ক

বিভিন্ন হাটবাজারে মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। করোনা ভাইরাস সংক্রমণের এই সময়েও সরকারি আইন মানছেন না অনেকেই। শারীরিক দূরত্ব না মেনে অবাধে বিচরণ করছে লোকজন। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর :

কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা জানান, করোনা ভাইরাস সংক্রমণ উপেক্ষা করে ২০টি হাটবাজারের বিভিন্ন স্থানে সরকারি আইন মানছেন না অনেকেই। সামাজিক দূরত্ব না মেনে অবাধে বিচরণ করছে হাটবাজারে আসা মানুষরা। রাস্তাঘাটে মাইক দিয়ে সতর্কতামূলক প্রচার চালালেও কেউ যেন তা কর্ণপাত করছে না। কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান বলেন, কাহারোল উপজেলায় ২০টি হাটবাজারসহ বিভিন্ন মোড় সামাল দিতে প্রশাসনকে হিমশিম খেতে হচ্ছে।

গাইবান্ধা প্রতিনিধি জানান, শুক্রবার দেখা গেছে গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা কলারহাটে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশ কেউ মানছেন না। পরে শনিবার সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য মাইকিং করাসহ সেনাবাহিনী, পুলিশ, ডিবি পুলিশ, র্যাবসহ স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের টহলে শনিবার জেলা শহর ও ছয় উপজেলা সদরসহ জেলার হাটবাজারগুলো বিকাল থেকে জনশূন্য হয়ে পড়ে। গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মণ জানান, আমরা বিভিন্ন জায়গায় গিয়ে পরামর্শ দিচ্ছি। এরপরও কাঁচাবাজারের দোকানে লোকজন কেনাকাটার জন্য আসছেন। এনিয়ে আগামীতে আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে। 

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, আড়াইহাজারে প্রশাসনের অভিযান, নানান প্রচার ও সচেতনতামূলক কর্মসূচির পরও ঘরে আটকে রাখা যাচ্ছে না সাধারণ মানুষকে। বিশেষ করে তরুণ, কিশোররা দলবেঁধে রাস্তায় বেরিয়ে পড়ছেন। বিকাল থেকে সন্ধ্যা কোথাও রাত অবধি অলিগলিতে জড়ো হচ্ছেন তারা।

চাটমোহর (পাবনা) সংবাদদাতা জানান, যেখানেই ত্রাণ দেওয়া হচ্ছে, সেখানেই ভিড় করছেন কর্মহীন দরিদ্র মানুষ। ত্রাণদাতা কিংবা ত্রাণগ্রহিতা কেউই মানছেন না সামাজিক দূরত্ব। শনিবার সেনাবাহিনীর সদস্যরা চাটমোহরে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ব্যাপক প্রচার করেছেন। একই অবস্থা উপজেলার হাটবাজারে। চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান বলেন, আমাদের অবশ্যই সামাজিক দূরত্ব মানতে হবে।

পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা জানান, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্পরতায় পুলিশ, সেনাবাহিনীসহ প্রশাসন করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে কঠোর অবস্থানে থাকলেও স্থানীয় বাজারমুখী লোকজন নির্দেশনা মানছেন না।  পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মশিউর রহমান বলেন, ‘সামাজিক দূরত্ব বজায় রাখতে ও জনসাধারণের অযথা ঘোরাফেরা রুখতে সর্বাত্মক চেষ্টা করছি। মাইকিং করে যাত্রীবাহী অটোরিকশা, মাহেন্দ্রা, ইজিবাইক না চালাতে অনুরোধ করছি। পুলিশ, সেনাবাহিনী টহল জোরদার করা হয়েছে। আমাদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।’