একজন আটক
শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
শরণখোলায় দুস্থদের জন্য ফেয়ারপ্রাইসের ১০ টাকা কেজি দরের ১৮ বস্তা চাল জব্দ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। শুক্রবার রাত ১০টায় তাফালবাড়ি বাজারের একটি গোডাউন থেকে ঐ চাল জব্দ করেন তিনি। এ সময় রফিকুল ইসলাম লিটন (৩৫) নামে গোডাউন মালিককে আটক করা হয়। এ ঘটনায় শনিবার সকালে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টায় অভিযান চালিয়ে উক্ত চাল উদ্ধার এবং গোডাউন মালিক রফিকুলকে আটক করেন। উদ্ধারকৃত চাল ফেয়ারপ্রাইস ডিলার তারিকুল ইসলাম তারেক অন্যত্র সরিয়ে নেওয়ার জন্য তার কাছে রেখেছে বলে রফিকুল স্বীকার করেন। এ ব্যাপারে ঐ ডিলারের লাইসেন্স বাতিলসহ জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান। এ ব্যাপারে ডিলার তারিকুল ইসলাম তারেক জানান, জব্দকৃত চাল তার নয়। উত্তোলনকৃত সব চাল বিক্রির মাস্টাররোল তার কাছে রয়েছে।
