সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ২১:২০

ক্ষুদ্র নৃগোষ্ঠী ও চামড়া শিল্পে সম্পৃক্তদের মধ্যে ত্রাণ বিতরণ

বাঘা (রাজশাহী) সংবাদদাতা বাঘায় শনিবার চাল বিতরণ করা হয়েছে বাস শ্রমিক, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও চামড়া শিল্পের মধ্যে সম্পৃক্তদের মধ্যে। বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু এ ত্রাণ বিতরণ করেন। বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু বলেন, উপজেলা পরিষদের পক্ষ থেকে বাঘা পৌর এলাকার নতুন বাস শ্রমিক ইউনিয়ন, উপজেলার আড়াপাড়া গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠী এবং বাউসা এলাকায় চামড়া শিল্পের সঙ্গে সম্পৃক্তসহ ১২০ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করেন।

অসহায় পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ

ডিমলা (নীলফামারী) সংবাদদাতা ডিমলার অসহায় দুস্থ ও খাদ্য সংকটে পড়া ৩ হাজার পরিবারের মধ্যে শনিবার ৩০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। ত্রাণ বিতরণ উদ্বোধন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। এ সময় নীলফামারী জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানি রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

কটিয়াদী প্রেসক্লাবের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা কটিয়াদী প্রেসক্লাবের উদ্যোগে শনিবার ২০০ গরিব ও শ্রমিকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আ. ওয়াহাব আইন উদ্দিন, সাংবাদিক রতন ঘোষ, আমিনুল ইসলাম, ব্রজগোপাল বণিক প্রমুখ।

কর্মহীন মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

বাগেরহাট প্রতিনিধি বাগেরহাট বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের উদ্যোগে কর্মহীন পরিবহন শ্রমিকদের মধ্যে শনিবার চাল, ডাল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড ভবনে আট শতাধিক শ্রমিকের মধ্যে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান, বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

ত্রিশালে ত্রাণসামগ্রী বিতরণ

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে হতদরিদ্র পরিবারের মধ্যে শুক্রবার রাতে চাল ও ডাল বিতরণ করেন ত্রিশালের সংসদ সদস্য ও ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী। এ সময় ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

ব্যতিক্রমধর্মী পদ্ধতিতে ত্রাণসামগ্রী বিতরণ

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা দাউদকান্দি মডেল থানা পুলিশের পক্ষ থেকে শনিবার কর্মহীন ও দুস্থদের মধ্যে ব্যতিক্রমধর্মী পদ্ধতিতে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাসের কারণে দাউদকান্দি মিলিটারী মাঠে প্রত্যেকে দুই মিটার দূরত্বে বসিয়ে এই ত্রাণসামগ্রী বিতরণ শেষে আলাদা আলাদাভাবে তাদের বাড়ি চলে যাওয়ার ব্যবস্থা করা হয়।

অতিদরিদ্রদের মধ্যে ত্রাণ বিতরণ

নেত্রকোনা প্রতিনিধি বাংলাদেশ নারী প্রগতি সংঘ নেত্রকোনা কেন্দ্রের পক্ষ থেকে শনিবার অতিদরিদ্রদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। নেত্রকোনা পৌরসভার বিভিন্ন এলাকাসহ আশপাশের গ্রামের অতিদ্ররিদ্র ৪৭৫টি পরিবারের মধ্যে ত্রাণ হিসেবে প্রত্যেককে চাল, মসুর ডাল, লবণ ও হাত ধোয়ার উপকরণ হিসেবে দুটি করে লাইফবয় সাবান বিতরণ করা হয়েছে।

স্বরূপকাঠিতে ত্রাণসামগ্রী বিতরণ

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের পক্ষে শনিবার স্বরূপকাঠিতে ১১০০ পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, ইউএনও সরকার আবদুল্লাহ আল মামুন বাবু, ওসি মো. কামরুজ্জামান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হামিদ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

আশ্রয়ণ প্রকল্পে খাদ্যসামগ্রী বিতরণ

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা বিজয়নগরে আশ্রায়ণ প্রকল্পের পরিবারের মধ্যে শনিবার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার পাহাড়পুর আশ্রায়ণ প্রকল্পের ৯০টি পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুর রহমান, প্রকল্প কর্মকর্তা শাহানুর জাহান প্রমুখ।

আশ্রয়ণ প্রকল্পে হতদরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা ঈশ্বরদীর দাশুড়িয়ায় আশ্রয়ণ প্রকল্পের হতদরিদ্রদের মধ্যে শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। দাশুড়িয়ার এই আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত ২৩০টি হতদরিদ্র পরিবারের মধ্যে চাল, ডাল, লবণসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

 

০