দক্ষিণ আমেরিকার যে শহরে রাস্তায় রাস্তায় মৃতদেহ পড়ে আছে

আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ২১:৩৭

বিবিসি

ইকুয়েডরের সবচেয়ে জনবহুল শহর গুয়াইয়াকিলে করোনা ভাইরাস মহামারির কারণে মানুষজন শুধু জনাকীর্ণ হাসপাতালে মারা যাচ্ছে তা নয়, এখানে মানুষকে রাস্তায় মরে পড়ে থাকতে দেখা গেছে।

 কোভিড-১৯-এর কারণে বাড়িতে যাদের মৃত্যু হয়েছে তাদের মরদেহগুলো সরিয়ে নিতেও কয়েকদিন সময় লেগে যাচ্ছে। কারণ মরদেহ সরিয়ে নেওয়ার তালিকা আর এর জন্য অপেক্ষা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। গুয়াইয়াস প্রদেশে করোনা ভাইরাসের কারণে পহেলা এপ্রিল পর্যন্ত ৬০ জনের মৃত্যু হয়েছে। পুরো ল্যাটিন অ্যামেরিকার সবগুলো দেশ মিলিয়েও এই পরিমাণ মানুষ মারা যায়নি করোনা ভাইরাসে। ভাইরাস শনাক্ত হয়েছে ১ হাজার ৯৩৭ জনের মধ্যে। প্রদেশটির রাজধানী গুয়াইয়াকিলেই মোট আক্রান্তের ৭০ শতাংশ রোগীর বসবাস। এটি বিশ্বের শীর্ষস্থানীয় শহরগুলোর মধ্যে একটি যেখানে মাথাপিছু করোনা ভাইরাস আক্রান্তের হার সবচেয়ে বেশি। তার ওপর, ভাইরাস পরীক্ষার আগেই যারা মারা গেছেন তাদেরকে এই পরিসংখ্যানের বাইরে রাখা হয়েছে। দক্ষিণ আমেরিকার দেশগুলোর মধ্যে ইকুয়েডরে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা তৃতীয় সর্বোচ্চ—এর আগে রয়েছে ব্রাজিল এবং চিলি—তবে জনসংখ্যার অনুপাতে ইকুয়েডরে মৃত্যুর হার অন্যান্য দেশের চেয়ে বেশি। গুয়াইয়াকিলের শেষকৃত্য আয়োজকরাও এই পরিস্থিতি সামলে উঠতে পারছে না। সংকটের মাত্রা এমন যে প্রেসিডেন্ট লেনিন মোরেনো মৃতদেহ সরিয়ে নিতে এবং সমাহিত করতে বিশেষ টাস্কফোর্স তৈরি করেছেন। ‘আমার মামা সেগুন্দো ২৮ মার্চ মারা গিয়েছিলেন এবং কেউই আমাদের সাহায্য করতে আসেনি।’ বলেন, জেসিকা কাস্তেদা।