খুলনায় কর্মহীন ও দুস্থ লোকজনের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ

আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ২১:৩৭

খুলনা অফিস

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান সাধারণ ছুটিতে খুলনায় অসহায় ও দরিদ্র মানুষের মধ্যে ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় গতকাল শনিবার সকালে নগরীর ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিসে কর্মহীন নিম্ন আয়ের ২০০ শ্রমজীবী ও দরিদ্র ব্যক্তির মধ্যে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক চাল, ডাল, আলু, সাবান, লবণসহ নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেন। ত্রাণ বিতরণকালে সিটি মেয়র বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে যার যার অবস্থান থেকে সহযোগিতা করতে হবে। করোনা ভাইরাস সংক্রমণরোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করা জরুরি। অসহায় মানুষের জন্য সরকারের ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে। পরে সিটি মেয়র পর্যায়ক্রমে নগরীর ১০, ১৩, ১৫, ২৫, ১৭, ২৬ ও ১৬ নম্বর ওয়ার্ডের ২ হাজার ১০০ কর্মহীন ও নিম্ন আয়ের শ্রমজীবী ও দরিদ্র ব্যক্তিদের মধ্যে নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেন।

একই দিন দুপুরে করোনা ভাইরাস সংক্রমণরোধে ঘরে থাকা কর্মহীন ২০০ জন নৌকা ও ট্রলার মাঝির মধ্যে খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে চাল, ডাল, তেল, আলু, লবণ, সাবান ও মাস্কসহ নিত্যপ্রয়োজনীয় জিনিস বিতরণ করা হয়। জেলা প্রশাসনের উদ্যোগে গঠিত ‘বেসরকারি মানবিক সহায়তা সেলের’ আওতায় জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন রূপসা নদীর বিভিন্ন ঘাটে এই ত্রাণসামগ্রী বিতরণ করেন।

এ সময় জেলা প্রশাসক বলেন, যে সকল মানুষ জনপ্রতিনিধিদের মাধ্যমে এখনো সরকারি সহায়তা পায়নি এবং বিশেষভাবে নিম্ন মধ্যবিত্ত শ্রেণির মানুষ, যারা জনসম্মুখে দাঁড়িয়ে ত্রাণ নিতে সংকোচবোধ করেন তাদের এ ‘বেসরকারি মানবিক সহায়তা সেলের’ আওতায় ঘরে ঘরে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। এজন্য ৩০০ স্বেচ্ছাসেবী তরুণ ঘরে ঘরে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার কাজ করছে। এ সময় পুলিশ সুপার এসএম শফিউল্লাহ ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান উপস্থিত ছিলেন। এছাড়া র্যাব-৬ এর পক্ষ থেকে নগরীর বয়রা তিতুমীর স্কুল মাঠে অসহায় ও দুস্থদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।