প্রধান আসামি বুলবুলের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর

আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ২১:৩৮

নেত্রকোনায় যুবলীগ নেতা তোলা হত্যা মামলা

 

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার পূর্বধলা উপজেলার হোগলা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান তোলা মিয়া (৩২) হত্যার প্রধান আসামি বুলবুল মীরকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ডে দেওয়া হয়েছে। খুনের ঘটনার দীর্ঘ চার বছর পর র্যাবের একটি টিম বুলবুলকে পূর্বধলার হোগলা ইউনিয়নের হোগলা কালী মন্দির থেকে গত বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে। পরে তাকে পূর্বধলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গতকাল শনিবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে তাকে হাজির করে সাত দিনের রিমান্ড চাইলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

২০১৬ সালের ৮ আগস্ট রাত ১০টার দিকে হোগলা বাজার থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের সন্ত্রাসীরা পথরোধ করে ধারাল অস্ত্র দিয়ে তোলা মিয়াকে কুপিয়ে হত্যা করে। পরে তার বোন শেফালী বেগম পূর্বধলা থানায় বুলবুল মীরকে প্রধান আসামি করে পূর্বধলা থানায় হত্যা মামলা দায়ের করেন।

শেফালীর অভিযোগ, বুলবুল  স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির আশ্রয়ে থাকায় পুলিশ এতদিন তাকে গ্রেফতার করতে পারেনি। প্রায় চার বছর যাবত্ বুলবুল গ্রেফতার না হওয়ায় এবং প্রকাশ্যে চলাফেরা করায় স্থানীয় জনমনে ক্ষোভের সঞ্চার হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে বুলবুলকে দ্রুত গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়। পরে গত বৃহস্পতিবার রাতে বুলবুল মীরকে র্যাব-১৪ এর একটি টিম হোগলা কালী মন্দির এলাকা থেকে আটক করে। জানা গেছে, বুলবুলের বিরুদ্ধে ১৫টি মাদকের মামলাও রয়েছে। এই ব্যাপারে পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, চার বছর পর বুলবুল গ্রেফতার হওয়ায় জনমনে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসবে।