‘হিমুর বাবার কথামালা’ নামে হুমায়ূন আহমেদের একটা বই আছে। এ বইতে হিমুকে তার বাবার দেয়া উপদেশগুলো একত্রে মলাটবদ্ধ করেছেন লেখক! আমার বাবা শিক্ষক মানুষ, উনি সুযোগ পেলেই আমায় নানান উপদেশ দিয়ে ঝুলি পূর্ণ করেন। এসব উপদেশের মধ্যে বেশকিছু মজারও বটে। কেমন হবে যদি ‘হিমুর বাবার কথামালা’র আঙ্গিকে আমার বাবার কথামালা একত্রিত করি? সেই পরিপ্রেক্ষিতেই ‘শিশার বাবার কথামালা’ লিখেছেন শিমুল শাহিন
w আত্মীয়-স্বজন বা শ্বশুরগৃহে গেলে কখনোই পাতে মাছের মস্তক লইবে না। অযথা খাবার টেবিলে মাছের মস্তক নাড়িয়া সময় নষ্ট হইবে, লোকে ভাবিবে তুমি পেটুক—অধিক ভক্ষন করিতেছ।
w খবরদার প্রেম করিবে না। যদি প্রেম করিবার প্রয়োজনীয়তা একান্তই অনুভব করিয়া থাকো তবে একটা মোটে করিবে না, একাধিক করিবে। হূদয় দ্বি-খন্ডিত হইবার চেয়ে বহুলাংশে টুকরো টুকরো হইয়া যাওয়া শ্রেয়!
w সিগারেট বা তামাকজাতীয় দ্রব্য কখনোই গ্রহণ করিবে না। যদি গ্রহণ না করিয়া থাকিতে ব্যর্থ হও তবে দামিটাই গ্রহণ করিবে। কখনো ফুসফুস পুড়িয়া গেলে নিজেকে অন্তত স্বান্তনা দিতে পারিবে এই ভেবে—দামী জিনিসেই ফুসফুসখান পুড়িয়াছে।
w নিকটাত্মীয় কেহ মারা গেলে তাহার মুখ দর্শন আবশ্যক নয়। মৃত মুখখান দেখিলে তোমার সারাজীবন চোখের সামনে তাহার মৃত মুখখানই ভাসিবে, তাহার হাস্যোজ্বল মুখ এমনকি তাহার সহিত পূর্বের সুখকর স্মৃতিগুলো ম্লান হইয়া যাইবে।
w শত্রুর সাথে শত্রুতা না বাড়াইয়া ব্যবহার দিয়া তাহার মন জিতিয়া লইবার চেষ্টা করিবে। এই শত্রুই তোমার অনুগত হইয়া একদা তোমার কনুষ্ঠাঙ্গুলি ধরিয়া দিনানিপাত করিবে।
w সফলদের আত্মজীবনী পড়িবে না, পড়িবে ব্যর্থদের আত্মজীবনী। সফল হইবার সত্যিকার টোটকা ব্যর্থদের জীবন অবলোকন করিলেই পাইবে।
w কখনো মিথ্যে কথা বলিবে না। মিথ্যে বলাটা তাহাদেরই সাজে যাহারা মিথ্যে বলিয়া বলিয়া মিথ্যেটাকে শিল্পের পর্যায়ে লইয়া যাইতে পারে। কিন্তু এক মানবজীবনে মিথ্যেকে শিল্পের পর্যায়ে লইয়া যাওয়া সম্ভব নহে, সুতরাং মিথ্যে বলা থেকে দূরে থাকিবে।
w বিবাহ করিলে বিবাহের পূর্বে অবশ্যই বালিকাবধূর পরিবারের অর্থসম্পদ বিষয়ে খবরাদি করিবে। তাহারা যাহাতে তোমার বাবার হইতে অধিক বিত্তশালী না হয় সেদিকে লক্ষ্য রাখিবে। নয়তো জীবনভর ‘তোমাদের এইটা নাই, ওইটা নাই’, ‘তোমার বাপে গরিব’ ইত্যাদি কথা শুনিয়া গলদঘর্ম হইবে।
w ছেঁড়া টাকার নোট ভিক্ষুককে প্রদান করিবে না, স্বর্গে পুরস্কার হিসেবে ছেঁড়া টাকা পাইলে কোনোই ফায়দা হইবে না।
w ঈদে বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে নতুন কিংবা জাঁকজমকপূর্ণ পোশাক পরিধান করিবে না! তোমার শরীরে নতুন পোশাক দেখিয়া পোশাকহীন হতদরিদ্র ছেলেমেয়েদের মনে কষ্টের উদ্রেক করিতে পারে। এতে করে তাহাদের ঈদের আমেজ নষ্ট হইয়া যাইতে পারে! তুমি কাহারো আনন্দ নষ্ট করিবার অধিকারপ্রাপ্ত হও নাই।
রাজশাহী
