/ মোহাম্মদ কামরুজ্জামান
হাত ধোব সাবান আর পানি মেখে হাতে
ভাইরাস সারা গায়ে না ছড়ায় যাতে।
এ সিজনে খাতির আর করব না কারও,
ঘরে কেউ এলে পরে ধুয়ে দেব তারও।
গোশ খাই ডিম খাই রেঁধে কিবা ভেজে,
যা-ই খাই, সব যেন ভালো করে সেজে।
খেয়েদেয়ে বাড়াবই শরীরের বল,
ধরব না পশু আর পাখিদের মল।
বারবার হাত দুটো মুখে দেব নাকো
হাত মুখ যার যার জায়গায় থাকো।
হাঁচি এলে হাঁচি দেব টিস্যু দিয়ে চেপে,
লোক এলে সরে যাব তিন ফুট মেপে।
অকারণে ঘর থেকে বের হব না যে,
মাস্ক আর গ্লাভস পরে যাব আমি কাজে।
হয় যদি সমাবেশ, লোক যায় জমে,
যাব না সে জায়গায় আমি কোনোক্রমে।
হাত নিয়ে কেউ যদি আসে আশা করে,
হ্যান্ডশেক করব না হাত তার ধরে।
দেখা হলে দূর থেকে দেব মৃদু হাসি
ভালো আছ? ভালো আছি, আজ তবে আসি।
সাবধান থাকি যদি আমি তুমি তারা,
ছড়াবে না করোনারা আমাদের দ্ব্বারা।
