করোনা প্রতিরোধে করণীয়

আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ২২:২১

/ ব্রত রায়

 

আমার পাড়ার আবুল মিয়া মানুষটা খুব খাঁটি

থাকুক না তার মাথার ভেতর গোবরভরা মাটি!

 

আজ সকালে ফোন দিয়েছি, ‘কেমন আছো, ভালো?’

আবুল মিয়ার জবাব শুনে পিলেটা চমকালো!

 

বলল, ‘জাতির ক্রান্তিকালে কেমনে থাকি বসে?

কী করা যায় কী করা যায় যাচ্ছি হিসেব কষে!

 

থাকব না তো বদ্ধ ঘরে নামব এবার পথে

এ সংকটে চুপ থাকা আর যায় না কোনো মতে!

 

আমার মতো উত্সাহীরা আছে যেথায় যত

আমার সাথে এই ব্যাপারে হবেন না সম্মত?’

 

জবাব দিলাম, ‘আবুল মিয়া আমার কথা শোনো

এই সময়ে বাইরে যাওয়ার নাম নিও না কোনো!

 

চুপটি করে ঘরে থাকো তাতেই হবে আজ

বাইরে গেলেই হবে কেবল রোগ ছড়ানোর কাজ।

 

আরেকটা কাজ করতে পারো—ভালো এটার চেয়ে

ফেসবুকে ফেক আইডি নিয়ে সাজতে পারো মেয়ে!

 

চ্যাটের ফাঁদে সব ছেলেকে আটকে রাখো ঘরে

তবেই দেখো পড়বে না আর কেউ করোনার জ্বরে!’