বিশ্বে আক্রান্ত প্রায় ১২ লাখ মৃত্যু ৬৩ হাজারের বেশি

আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ০০:৪০

মহামারি করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে তেমনি বাড়ছে মৃতের সংখ্যাও। গতকাল পর্যন্ত বিশ্ব জুড়ে আক্রান্ত প্রায় ১২ লাখ ও মৃতের সংখ্যা ৬৩ হাজার ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রেই আক্রান্ত ৩ লাখের বেশি মানুষ। ইউরোপে আক্রান্তে ইতালিকে ছাড়িয়েছে স্পেন। ব্রিটেনে ভালো পরিস্থিতির আগে খারাপের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। দেশটিতে একদিনে মারা গেছে ৭০৮ জন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাস্ক না পরার ঘোষণা দিয়েছেন। মৃত্যু থামছে না ইরানেও।

গতকাল রাত ১২ টায় পর্যন্ত বিশ্ব জুড়ে আক্রান্ত ১১ লাখ ৮০ হাজার ছাড়ায়। ২৪ ঘণ্টায় আক্রান্ত বেড়েছে ৬৪ হাজার ৩০৯ জন। মারা গেছে ৬৩ হাজার ৮৯৩ জন যেখানে নতুন মৃত্যু চার হাজার ৭শ’র বেশি। সুস্থ হয়েছে ২ লাখ ৪৩ হাজারের বেশি মানুষ। যুক্তরাষ্ট্রেই আক্রান্ত হয়েছে ৩ লাখের বেশি মানুষ। একদিনে আক্রান্ত বেড়েছে ২৩ হাজারের বেশি। নিউ ইয়র্কেই আক্রান্ত প্রায় ১ লাখ ১৪ হাজার। রাজ্যে নতুন করে ১০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত এবং ৩৪৭ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রে ২৪ ঘন্টায় মৃত্যু ৭৫২ জন বেড়ে আট হাজার ১৫৬ জনে দাঁড়িয়েছে।

দ্বিতীয়বার করোনা পরীক্ষা করিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলাফলের রিপোর্ট হাতে ধরে সাংবাদিকদের জানিয়েছেন, এবারও নেগেটিভ এসেছে তার ফল। আমেরিকায় মাস্ক ব্যবহার নিয়ে শিগিগরই নির্দেশনা দিতে যাচ্ছে হোয়াইট হাউজ। করোনা ভাইরাসের প্রকোপ যেখানে বেশি, সেসব এলাকায় সংক্রমণ রুখতে মানুষকে কাপড়ের মাস্ক এবং স্কার্ফ ব্যবহার করতে বলা হবে এমনটা চিন্তা করা হচ্ছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, মাস্ক পরাটা বাধ্যতামূলক নয়। তিনি সবাইকে মাস্ক পরার কথা বললেও নিজে পরবেন না বলে জানিয়েছেন। করোনার ভরকেন্দ্র নিউ ইয়র্কে বাসিন্দাদের সার্জিকাল মাস্কের পরিবর্তে জনসমক্ষে কাপড়ের মাস্ক পরতে বলা হচ্ছে।

ইউরোপে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে। ব্রিটেনে একদিনে মারা গেছে ৭০৮ জন। অর্থাত্ মৃতের সংখ্যা বেড়েছে ২০ শতাংশ। দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৪ হাজার ৩১৩ জনের। এর মধ্যে ৫ বছরের শিশুও রয়েছে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ব্রিটেনে পরিস্থিতির উন্নতি হতে পারে। তবে এর আগে আক্রান্ত ও মৃত্যু বাড়তে পারে। ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকার লকডাউনের মেয়াদও আরো বাড়ানোর বিষয়টি বিবেচনা করছে। আজ দেশটির রানি দ্বিতীয় এলিজাবেথ জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

আক্রান্তের দিক থেকে স্পেন ইতালিকেও ছাড়িয়েছে। স্পেনে মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ২৪ হাজার ৭৩৬ জন। এর মধ্যে ২৪ ঘণ্টায় আক্রান্ত বেড়েছে ৫ হাজার ৫৩৭ জন। মোট মৃত্যু ১১ হাজার ৭৪৪ জনের মধ্যে নতুন করে মারা গেছে ৫৪৬ জন। স্পেনে আক্রান্তের সংখ্যা বাড়ায় জরুরি অবস্থা আগামী ২৬ এপ্রিল পর্যন্ত বাড়ানো হচ্ছে। গতকাল দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ পার্লামেন্টের কাছে জরুরি অবস্থার মেয়াদ আরো ১৫ দিন বাড়ানোর আহ্বান জানান। ইতালিতে একদিনে মৃত্যু ৬৮১ জন বেড়ে মোট হয়েছে ১৫ হাজার ৩৬২ জন। ২৪ ঘন্টায় আক্রান্ত ৪ হাজার ৮০৫ জন বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ৬৩২ জনে।

ইরানে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৫৮ জন বেড়ে ৩ হাজার ৪৫২ জনে পৌঁছেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। সৌদি আরবে রেড সিটি নামে পরিচিত জেদ্দায় আংশিক কারফিউ দেওয়া হয়েছে। ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। ২৪ ঘণ্টায় নতুন করে ৫২৪ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। এতে সারা দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩ হাজার ৭২ জন। এদিন পশ্চিবঙ্গে নতুন করে ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। পশ্চিমবঙ্গে মোট আক্রান্ত ৬৯। মহারাষ্ট্রে ৪৯০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। দিল্লিতে ৪৪৫ জন করোনায় আক্রান্ত। তামিলনাড়ুতে করোনায় আক্রান্ত হয়েছে ৪১১ জন। পাকিস্তানে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮১৮ জনে। এর মধ্যে মারা গেছে ৪১ জন। -আল জাজিরা, রয়টার্স ও বিবিসি