জনগণের পাশে দাঁড়াতে বেসরকারি হাসপাতালগুলোর প্রতি তথ্যমন্ত্রীর আহ্বান

আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ২২:৩৮

তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ করোনা ভাইরাসে সৃষ্ট এই দুর্যোগময় মুহূর্তে জনগণের পাশে দাঁড়ানোর জন্য বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলোর মালিক ও চিকিত্সকদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল শনিবার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে বেসরকারি রেডিও অ্যাসোসিয়েশন মালিক সমিতি, বাংলাদেশ সংবাদপত্র পরিষদ ও টিভি ড্রামা ডিরেক্টরস গিল্ডের নেতৃবৃন্দের মধ্যে এন্টিসেপটিক সাবান, হ্যান্ড সেনিটাইজার, মাস্ক বিতরণ এবং জাতীয় হূদেরাগ ইনস্টিটিউটের চিকিত্সকদের জন্য পিপিই বিতরণকালে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, আমরা পত্র-পত্রিকা ও অন্যান্য গণমাধ্যমের প্রকাশিত খবরের মাধ্যমে জানতে পেরেছি যে, অনেক সময় অসহায় রোগীকে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ঘুরতে হচ্ছে। এটি কোনোভাবেই কাম্য নয়। তিনি বলেন, কারণ সর্দি-কাশি হলেই কেউ করোনা ভাইরাসের রোগী নাও হতে পারেন। আর করোনা রোগী হলেও তার সাহায্যও তো আমাদের এগিয়ে আসা প্রয়োজন।

হাছান মাহমুদ বলেন, কোনো হাসপাতাল দায়িত্বহীনতার পরিচয় দিচ্ছে, কোনো হাসপাতাল সুযোগ থাকা সত্ত্বেও রোগী ফেরত দিচ্ছে, সেগুলো সরকার অবশ্যই খোঁজখবর রাখছে। আর যারা এ কাজগুলো করছে, সরকার সময়মতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। দুর্যোগ মোকাবিলায় বিএনপি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে তাদের দায়িত্ব পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তথ্যমন্ত্রী।

এ সময় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপদপ্তর সম্পাদক সায়েম খান, এফটিপিওর সভাপতি মামুনুর রশিদ, বাংলাদেশ সংবাদপত্র পরিষদের সভাপতি মো. শাহ জালাল, সাধারণ সম্পাদক এম জি কিবরিয়া ও বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. মতিউর রহমান তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।