করোনা মোকাবিলায় ৮৫০ কোটি টাকা ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ২২:৩৮

বাংলাদেশে করোনা ভাইরাস মোকাবিলায় প্রাথমিকভাবে ১০ কোটি ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংকের বোর্ড সভা। টাকার অংকে এর পরিমাণ ৮৫০ কোটি টাকা (১ ডলার=৮৫ টাকা)। করোনা মোকাবিলায় সরকারের জরুরি স্বাস্থ্যসেবা ব্যবস্থা শক্তিশালী করতে এই অর্থ ব্যয় হবে।

কোভিড-১৯ জরুরি প্রতিকার এবং মহামারি রোধে প্রস্তুতি শীর্ষক প্রকল্পের মাধ্যমে সারাদেশে নির্বাচিত পরীক্ষাগারের উন্নয়ন, করোনা ভাইরাস শনাক্তকরণ সুবিধা বৃদ্ধিসহ স্বাস্থ্যসেবার মান উন্নত করা হবে। এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মার্সি টিমবন গতকাল উল্লেখ করেন, কোভিড-১৯ যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য সরকারের সঙ্গে আমরা নিবিড়ভাবে কাজ করে যাচ্ছি। কোভিড-১৯ মহামারি প্রতিরোধে সরকারের জাতীয় পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বব্যাংকের এই সহায়তা ব্যবহার করা হবে। নির্বাচিত হাসপাতালগুলোতে প্রয়োজনীয় মেডিক্যাল যন্ত্রপাতি, ভেন্টিলেশন এবং আইসোলেশন ইউনিট প্রতিষ্ঠা করা হবে। সেইসঙ্গে কোভিড-১৯ নির্ণয়ে কিট সংগ্রহ করা হবে।

বিশ্বব্যাংক উল্লেখ করেছে, নির্বাচিত মেডিক্যাল কলেজ হাসপাতালসহ জেলা পর্যায়ে করোনা মোকাবিলায় স্বাস্থ্যসেবার সুবিধা তৈরি করা হবে। সংক্রামক ব্যাধি প্রতিরোধ ইনস্টিটিউটসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো উন্নত করা, হাসপাতালে নতুন আইসোলেশন ওয়ার্ড প্রতিষ্ঠা করাসহ হাসপাতালগুলোর বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা হবে। স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার ব্যবস্থাসহ সংক্রমণ নিয়ন্ত্রণে গাইডলাইন তৈরি করা হবে। হাসপাতালগুলোতে কর্মরতদের সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

বিশ্বব্যাপী করোনা মহামারি মোকাবিলায় সদস্য দেশগুলোকে দেওয়ার জন্য ১ হাজার ৪০০ কোটি ডলারের জরুরি তহবিল ঘোষণা করেছে বিশ্বব্যাংক। ১৬ হাজার কোটি ডলার আগামী ১৫ মাসের মধ্যে সদস্য দেশগুলোকে দেওয়ার জন্য বরাদ্দ রাখা হয়েছে। বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (আইডা) থেকে এই ঋণ দেওয়া হবে। দুই শতাংশ সুদে পাঁচ বছর রেয়াতকালসহ ৩০ বছরে এই ঋণ পরিশোধ করতে হবে।