ঘরে বসেই বিনোদন খুঁজুন, ঘরে বসেই বিশ্ব দেখুন

আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ২২:৪২

নতুন করোনা ভাইরাস (কোভিড-১৯) মহামারি রূপ নেওয়ায় বিশ্বব্যাপী বিমান চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে। প্রায় সব দেশ তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে এবং নাগরিকদের ঘরে অবস্থান করতে বলেছে। করোনা ভাইরাসের এই যুগে মানুষের চলাচল ক্রমেই সীমিত হয়ে পড়ছে। কিন্তু এই পরিস্থিতিতে মানুষের চিন্তা বা কল্পনা বন্দি হতে পারে না। ঘরে থাকা এসব মানুষকে বিশ্ব ভ্রমণের এক চমত্কার অভিজ্ঞতা দিতে কাজ শুরু করেছেন অনেকে। বিবিসির এক খবরে সে ধরনের কিছু কর্মকাণ্ডের তথ্য তুলে ধরা হয়েছে।

যেমন অনলাইন বা ইউটিউবে সরাসরি দেখা যাচ্ছে- দক্ষিণ আফ্রিকার হাতিদের বিচরণ। তেম্বে এলিফ্যান্ট পার্কের ‘ওয়াটারিং হোল’ থেকে এই লাইভ স্ট্রিমিং চলছে। এই পার্কটি মোজাম্বিক সীমান্তের কাছে। বেশিরভাগ সময় হাতি দেখা গেলেও          কখনো কখনো চিতা, সিংহ, মহিষের দেখাও মেলে। অনলাইনে দেখা যাচ্ছে- নিউ ইয়র্ক শহরের টাইমস স্কয়ারের বর্তমান অবস্থা। স্বাভাবিক সময়ে এই টাইমস স্কয়ার বিশ্বের সবচেয়ে ব্যস্ততম এলাকার একটি। কিন্তু ম্যানহাটনের এই কেন্দ্রস্থলে এখন সুনশান নীরবতা। শহরটিতে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা প্রায় ৫০ হাজার।

চাইলে অনলাইনে ঘুরে দেখে আসা যাবে বরফের শহর ল্যাপল্যান্ড থেকেও। ফিনল্যান্ডের এই জায়গার ৩৬০ ডিগ্রি ফুটেজ দেখা যাবে। ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখরিত অঞ্চল এখন স্বাভাবিক সময়ের তুলনায় শান্তিপূর্ণ। সমুদ্রতীরে সূর্যোদয় ও সুর্যাস্ত দেখার সুযোগ পাবে আগ্রহীরা। কারণ অনলাইনে লাইভ স্ট্রিমিং হচ্ছে থাইল্যান্ডের কোহ সামুই দ্বীপ থেকে। তবে সেখানে কিছু মানুষের দেখা মিলবে যারা সন্তোষজনকভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে অবস্থান করছেন।

মেরুজ্যোতি বা আরোরা (আরোরা উষা) হলো আকাশে একধরনের প্রাকৃতিক আলোর প্রদর্শনী। প্রধানত উঁচু অক্ষাংশের এলাকাগুলোতে আরোরার দেখা মেলে। আরোরা দেখতে অত্যন্ত সুন্দর। কানাডার মানিটোবা প্রদেশ থেকে এই আরোরা প্রদর্শনে লাইভ ফিড চলছে। এখন আরোরার মুখ্য সিজন নয়, কিন্তু তারপরও এর দৃশ্য সুন্দর।

বিশ্বের অন্যতম সুন্দর শহর ভেনিস এখন বন্ধ। লাইভ ফিডে দেখা যাচ্ছে ভেনিস শহরের বিভিন্ন স্থাপনা। শহর আর খালগুলো এখন শান্ত। আফ্রিকার গরিলারও দেখা মিলবে লাইভ ফিডে। গরিলার জীবনের গতি-প্রকৃতি দেখানো হচ্ছে দিন-রাত। কঙ্গোর পূর্বাঞ্চলের গ্রেস গরিলা সংরক্ষণ কেন্দ্র থেকে এই লাইভ ফিড চলছে। ব্যস্ততার ক্ষেত্রে নিউ ইয়র্কের টাইমস স্কয়ারের সঙ্গে মিল আছে জাপানের রাজধানী টোকিওর। লাইভ স্ট্রিমে দেখা যাচ্ছে- কীভাবে টোকিওর বাসিন্দারা সামাজিক দূরত্ব বজায় রেখে কীভাবে চলছে। করোনা ভাইরাসের এই বিচ্ছিন্নতার সময় ঘরবন্দি মানুষকে একটু চিত্ত-বিনোদন দিতেই এসব প্রচেষ্টা চলছে। তাই বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমও মানুষকে জানিয়ে দিচ্ছে- এই বিষণ্নতার মাঝেও কীভাবে একটু ভালো সময় কাটানো যায়।