ফেনী নদীতে দুই দিন ধরে আটকা মানসিক ভারসাম্যহীন নারী

আপডেট : ০৪ এপ্রিল ২০২০, ২২:৪৫

রামগড়-সাব্রুম সীমান্তবর্তী ফেনী নদীতে বিজিবি-বিএসএফের অস্ত্রের মুখে দুই দিন ধরে আটকা পড়ে আছেন অজ্ঞাত পরিচয় মানসিক ভারসাম্যহীন এক নারী (৩২)। দুই দেশের কেউ-ই তার নাগরিকত্ব স্বীকার করছে না। শুক্রবার বিজিবি ও বিএসএফের মধ্যে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের তিন দফা বৈঠক হলেও কোনো পক্ষই ঐ নারীর দায়ভার নিতে রাজি হয়নি। সর্বশেষ দুই বাহিনীর সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠকও নিষ্ফল হয়। ফলে প্রচণ্ড রোদে ও ঝড়বৃস্টিতে অত্যন্ত অমানবিকভাবে নদীতে আটকা পড়ে আছেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, মানসিক ভারসাম্যহীন ঐ নারীকে বৃহস্পতিবার দুপুরের দিকে বিজিবির রামগড় বিওপি সংলগ্ন এলাকার দিকে বিএসএফ জোরপূর্বক ঠেলে পাঠায়। এ সময় সাব্রুমের কাঁঠালছড়ি ক্যাম্পের বিএসএফকে সেখানকার গ্রামবাসীরাও সহায়তা করে। খবর পেয়ে বিজিবি ঐ নারীকে আটক করে পুনরায় ভারতে পুশব্যাক করে। কিন্তু বিএসএফের বাধায় তিনি ফেনী নদী অতিক্রম করতে পারেননি। এদিকে বিজিবিও এপারে কড়া প্রহরায় রয়েছে।