সিদ্ধিরগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ১৭:৫৫

সিদ্ধিরগঞ্জে শুক্রবার সকালে ৮ নং ওয়ার্ডের ধনকুন্ডা এলাকা থেকে মুক্তা আক্তার (২২) নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত মুক্তা কুমিল্লার মুরাদনগর এলাকার কাউছার আহম্মেদ পলাশের স্ত্রী। ঘটনার পর থেকেই পলাতক রয়েছে তার স্বামী।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালের দিকে তাদের বন্ধ ঘরের জানালা দিয়ে প্রতিবেশীরা খাটের ওপর রক্তাক্ত মুক্তা আক্তারকে পড়ে থাকতে দেখে। পরে তারা সংশ্লিষ্ট থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। মুক্তা আক্তারের গলাকাটা ছিলো বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। নিহতের মা জোসনা বেগম ও বাবা জয়নাল আবেদীন খবর পেয়ে ঘটনাস্থল সিদ্ধিরগঞ্জে ছুটে আসেন।

জোসনা বেগম জানান, ‘৩ বছর আগে মেয়ের বিয়ে দিই কাউছারের সঙ্গে। বিয়ের পর থেকে মেয়েকে নানাভাবে নির্যাতন করতো সে। বছর দেড়েক আগে একবার ছাড়াছাড়িও হয়েছিল। দুই মাস আগে আমার মেয়েকে আবার নিয়ে আসে। আমি মেয়ে হত্যার বিচার চাই।’

আরও পড়ুনঃ ময়মনসিংহ ১০: চমকপ্রদ ফলাফল প্রত্যাশী নৌকা, প্রচারণায় ছিল না ধানের শীষ

ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন পারভেজ ও ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিন শাহ পারভেজ বলেন, ‘মৃত মুক্তা আক্তার একজন গার্মেন্টস শ্রমিক। গতকাল যে কোনো সময় হত্যার ঘটনাটি ঘটেছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরেই হত্যার ঘটনাটি ঘটে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে নিহতের স্বামীর বিরুদ্ধে একটি মামলা করেছেন।’

ইত্তেফাক/অনি/নূহু