পুলিশ কনেস্টবল লাঞ্ছিতের অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ১৯:০৩

ঝালকাঠি জেলা প্রশাসকের বাসভবনে নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ কনস্টেবলকে লাঞ্ছিত করার অভিযোগে জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রাব্বিকে গ্রেপ্তার করেছে। 

শুক্রবার সকালে শহরের স্টেশন রোড থেকে তাকে গ্রেপ্তার করে বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এ ঘটনায় চারজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। 

ঝালকাঠি থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, গত বৃহস্পতিবার বিকালে ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হকের বাসবভনের সামনে আড্ডা দিচ্ছিলেন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। বাসভবনের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের কনেস্টবল তৌহিদুল ইসলাম ও মো. তাজউদ্দিন ওই ছাত্রলীগ নেতাকর্মীদের আড্ডা দিতে নিষেধ করেন। এতে ক্ষিপ্ত হন ছাত্রলীগ নেতাকর্মীরা। উভয়ের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে দুই কনেস্টেবলকে শারীরিকভাবে লাঞ্ছিত করে তারা। এ ঘটনায় রাতেই পুলিশ কনস্টেবল মো. তাজউদ্দিন বাদী হয়ে ঝালকাঠি থানায় মামলা করেন। জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শেখ রাব্বিসহ চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০ জনকে আসামি করা হয়েছে মামলায়। মামলার অপর আসামিরা হলেন- ছাত্রলীগকর্মী সৈকত, অনিক ও শিশির। 

আরও পড়ুন: রাজধানীতে সেনাবাহিনীর টহল, চলছে তল্লাশি ও লাইসেন্স চেক

মামলার তদন্ততারী কর্মকর্তা মো. হানিফ বলেন, আটক শেখ রাব্বীকে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে জেল হাজতে পাঠায়। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

ইত্তেফাক/এমআই