নেইমারের ১০ লাখ ডলার অনুদান

আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ২০:৪১

স্পোর্টস ডেস্ক

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার নিজের দেশে বিশাল অনুদান দিয়েছেন। ব্রাজিলের টেলিভিশন চ্যানেল এসবিটি জানিয়েছে অর্থের অঙ্কটা ১০ লাখ ডলারের।

ব্রাজিলে ইতিমধ্যে ১০ হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আছেন। মারা গেছেন ৩৬৫ জন। প্যারিস থেকে ব্রাজিলে পাড়ি জমানো নেইমার নিজেও আছেন কোয়ারেন্টাইনে।

নিজেদের প্রতিবেদনে তারা জানিয়েছে, নেইমারের এই অনুদান দুই জায়গায় ভাগ করে দেওয়া হয়েছে। এর একটি অংশ যাবে তার বন্ধু লুচিয়ানো হুকের ত্রাণ তহবিলে। অন্য অংশ দেওয়া হবে শিশুদের জন্য কাজ করা ইউনিসেফের কাছে।

নিজের অনুদানের বিষয়টি প্রকাশ করতে চাননি নেইমার। এর আগে গত মাসে প্যারিসেও অনুদান দিয়েছেন বলে শোনা গেলেও সেটি নিয়েও কিছু বলেননি এই তারকা ফুটবলার। ব্রাজিলে অনুদানের বিষয়ে তার ম্যানেজমেন্ট দল বলেন, ‘আমরা কখনো অনুদান কিংবা পরিমাণ নিয়ে কথা বলি না।’