ক্ষুদ্র ও কুটিরশিল্পে সহযোগিতার আহ্বান বিসিক শিল্পমালিকদের

আপডেট : ০৫ এপ্রিল ২০২০, ২০:৪৩

বিশেষ প্যাকেজ ঘোষণা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন

 

ইত্তেফাক রিপোর্ট

বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে স্বাভাবিক জীবনযাপন থেকে শুরু করে ব্যবসা, বাণিজ্য, আমদানি, রপ্তানি, শিল্পোত্পাদনসহ সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ছে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশনের (বিসিক) অধীন ৭৬টি শিল্প এলাকার প্রতিটি কারখানা বর্তমানে বন্ধ রয়েছে। এ বিষয়ে বাংলাদেশ বিসিক শিল্পমালিক সমিতির ঊর্ধ্বতন সহসভাপতি হোসেন এ সিকদার জানান, দেশের সব বিসিক শিল্প এলাকার কারখানাসমূহে দক্ষ, অর্ধদক্ষ, অদক্ষ মিলিয়ে প্রায় ৫ লাখ ৯০ হাজার ৬২০ শ্রমিক-কর্মচারী কর্মরত আছেন। আর এসব শিল্প-কলকারখানায় শিল্পমালিকদের প্রায় ২৭ হাজার ৬৮৯ কোটি টাকার বিনিয়োগ রয়েছে। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশব্যাপী লকডাউন থাকায় বিসিক শিল্প এলাকায় বর্তমানে সব উত্পাদনমুখী কলকারখানা বন্ধ রয়েছে যার ফলে এ বিশাল অঙ্কের বিনিয়োগ আজ হুমকির মুখে পড়েছে।

তিনি জানান, বিসিক শিল্প এলাকার কারখানাসমূহ মূলত স্থানীয় বাজারনির্ভর। কাঁচামালের সরবরাহ না থাকায় উত্পাদন, স্থানীয় বাজারে বিপণন, সরবরাহ, রপ্তানি কার্যক্রম এখন বন্ধ রয়েছে। উত্পাদন বন্ধ থাকায় কিছুদিন পর শ্রমিকদের বেতন, বোনাস দেওয়া শিল্পমালিকদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়বে। তাছাড়া পবিত্র রমজান ও ঈদুল ফিতরও আসন্ন। তবে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশের সম্ভাব্য অর্থনৈতিক ক্ষতি মোকাবিলায় ৭২,৭৫০ কোটি টাকার পাঁচটি প্যাকেজ ঘোষণা করায় বাংলাদেশ বিসিক শিল্পমালিক সমিতির পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও সাধুবাদ জানানো হয়।

এদিকে বিসিক শিল্প এলাকার কারখানাসমূহের পানির বিল আগামী ছয় মাস মওকুফ করার জন্য এবং প্রতি মাসের বিদ্যুত্ ও গ্যাস বিল পরবর্তী ছয় মাস তিনটি সমবিভাজিত কিস্তিতে পরিশোধের সুযোগ প্রদানের আহ্বান জানান তিনি। বিসিকের অন্তর্ভুক্ত প্রতিটি শিল্পপ্লটের নির্ধারিত একটি সার্ভিস চার্জ রয়েছে যা তিনি আগামী এক বছরের জন্য মওকুফ ও বিসিক শিল্পনগরীর অন্তর্ভুক্ত প্লটের কিস্তি আগামী এক বছরের জন্য স্থগিত রাখতে সরকারের কাছে আবেদন জানান। হোসেন এ সিকদার বলেন, শিল্পোদ্যাক্তাদের এ বছরের আয়কর ও মূল্য সংযোজন কর (ভ্যাট) যেন আগামী তিন বছরে সমান তিনটি কিস্তিতে সমন্বয়ের মাধ্যমে জরিমানা ছাড়া প্রদান করতে পারে সে বিষয়ে সরকারের বিশেষ বিবেচনার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি বিসিক শিল্পনগরীতে স্থাপিত নতুন শিল্পকারখানা এবং বিএমআরই (ব্যালেন্সিং, আধুনিকায়ন, বিস্তার এবং প্রতিস্থাপন) শিল্প ইউনিটের মূলধনী যন্ত্রপাতি ক্রয়ের জন্য গৃহীত ঋণসহ অন্যান্য ঋণের সুদ আগামী ছয় মাসের জন্য মওকুফ করতে সুপারিশ করা হয়। শিল্পের কাঁচামাল, যন্ত্রপাতি, মোড়কসামগ্রী আমদানির ক্ষেত্রে বিশেষ কর অবকাশ ও শুল্ক রেয়াতের আহ্বান জানান তিনি। তাছাড়া শ্রমিকদের স্বাস্থ্যনিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দেওয়া জরুরি, তাই সরকারকে এ বিষয়ে একটি দীর্ঘমেয়াদি ও স্থায়ী পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান তিনি।