শ্রমিকসংকট
মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা
মোহনগঞ্জে বোরো ধানের বাম্পার ফলনে হাসি ফুটেছে কৃষকের মুখে। এদিকে শনিবার ডিঙ্গাপোতা হাওরে ধান কাটা উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ বিভাগের ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক নিখিল চন্দ্র সেন। উপজেলার তেতুলিয়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামের কৃষক মজিবুর মিয়ার ডিঙ্গাপোতা হাওরের খেতে আগাম ব্রি ধান-২৮ ধান কেটে নমুনা শস্য কর্তন করা হয়। এতে একরে ফলন হয়েছে ৫১ মণ। এদিকে ফসল দেখে কৃষকরা খুশি। চলতি মৌসুমে এখনো পর্যন্ত কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়নি। খরা হয়নি, ধানে চিটাও হয়নি। পর পর দুই বার ভারী বৃষ্টির ফলে কৃষকের ভাগ্য বদলে দিয়েছে। হাওর ঘুরে দেখা গেছে, হাওর জুড়ে আগাম ব্রি-২৮ পাকা ধান খেতে শোভা পাচ্ছে। গাগলাজুর গ্রামের কৃষক হারুন মিয়াসহ উপস্থিত কৃষকরা জানান, পাবনা, টাঙ্গাইল, জামালপুরসহ অন্যান্য স্থান থেকে ধান কাটা শ্রমিক আসার কথা থাকলেও করোনা সমস্যায় আসতে পারছে না। তবে কৃষি সম্প্রসারণ বিভাগের ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক নিখিল চন্দ্র সেন কৃষকদের সমস্যার কথা শুনে শ্রমিক আসার আশ্বাস দিয়েছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, এবার মাঠে উফশী, হাইব্রিড ও স্থানীয় জাতের বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৪২ হাজার ৫০০ একর। উপজেলার এবার ধানের বাম্পার ফলন হয়েছে। তবে ধান কাটা শ্রমিকের সংকট থাকলেও কম্বাইন্ড হার্ভেস্টার দিয়ে ধান কাটা শুরু হয়েছে। মোট ১৬টি মেশিন ধান কাটবে। তবে অনেক কৃষক নিজেই ধান কাটতে মাঠে নামছেন।
